দুই পা ছাড়াই তিন চাকার গাড়িতে চলে যার জীবন
নেশার ঘোরেই ট্রেনের নিচে কাটা পড়েছিল দুটি পা। এরপর নেশা যেমন কেটে যায়, তেমনি গত আট বছরে বেঁচে থাকার লড়াইয়ে জীবনও তার পাল্টে গেছে অনেকটাই।
স্থানীয়ভাবে ‘পাগলু’ নামে পরিচিত তিন চাকার গাড়ি চালিয়ে সংসার চালান দিনাজপুরের রেজাউল করিম। শহরের লিলির মোড় এলাকায় গত শনিবার তার সঙ্গে দেখা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিবেদকের।
সেদিন তিনি ভাড়া নিয়ে দিনাজপুরে শহরে এসেছেন, যাত্রীদের ফেরত নিয়ে যাওয়ার অপেক্ষা করছিলেন। রেজাউলের গাড়ির ডান পাশেই দেখা গেল হুইল চেয়ার বাঁধা আছে।
তিনি জানান, কারো সহায়তা ছাড়াই গাড়ি থেকে নামতে এবং উঠতে পারেন। হুইল চেয়ার খুলে নিজে একা চলতেও পারেন। সমস্যা হয় কেবল রাস্তায় চাকা পাংচার হয়ে গেলে।
“তখন যাত্রীদের সাহায্য নিয়া জ্যাক দিয়া গাড়ি ওপরে তুইল্যা স্পেয়ার হুইল লাগাইতে হয়।”
তখন বড় ছেলে সবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। মেজ ছেলে স্কুলে পড়ছে, মেয়েটা ছোট। এই অবস্থায় ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতেই ঘটি-বাটি উজাড় হওয়ার যোগাড়। তারপরও হাল ছাড়েননি রেজাউল।
দুর্ঘটনার পর কিছুটা সুস্থ হয়ে দোকান করেছেন। এখন তিন চাকার গাড়ি চালিয়ে সংসার চালাচ্ছেন। বড় ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়েছে, মেজ ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ছোট মেয়েটা উচ্চমাধ্যমিকের ছাত্রী।
আগে ট্রাক্টর চালাতেন জানিয়ে রেজাউল বলেন, “নিজের একটা গাড়ি সারাইয়ের গ্যারেজও করছিলাম। ভালোই চলছিল।”
কিন্তু ২০১৪ সালের ২০ জুন কিছু বন্ধু-বান্ধব নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে ফেলে গেলে দুই পায়ের ওপর দিয়ে ট্রেন চলে যায়। প্রথমে দিনাজপুর মেডিকেল ও পরে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নেন।
তিনি জানান, জীবন বাঁচাতে চিকিৎসকরা কয়েক দফা অস্ত্রোপচারে তার দুটি পা হাঁটুর ওপর থেকে বাদ দেন। এরপর থেকেই ক্রাচ আর হুইল চেয়ার নির্ভর হয়ে পড়ে জীবন।
প্রথম দুই বছর হাসপাতাল আর ডাক্তারের কাছে ছোটাছুটির পাশাপাশি ব্যাথার সঙ্গে অভ্যস্থ হতেই কেটে যায়। চিকিৎসাপর্ব শেষ হওয়ার পর হিসাব মেলাতে গিয়ে দেখেন, ধার-দেনা অনেক হয়েছে, জমি-জিরাত যা ছিল সবই গেছে।
এর মধ্যেই চলতি বছরের মে মাসে কিছু জমি বিক্রি করে তিন চাকার ডিজেল চালিত একটি মাহিন্দ্র গাড়ি কিনেছেন। স্থানীয়ভাবে ‘পাগলু’ নামে পরিচিত গাড়িগুলোর ব্রেক পায়ে। গাড়ি চালাতে অন্তত একটি পায়ের প্রয়োজন হয়।
সেজন্য রেজাউল গাড়িটি বিশেষভাবে পরিবর্তন করে নিয়েছেন। তার গাড়ির ব্রেকের প্যাডেলের সঙ্গে একটি অ্যাঙ্গেল জুড়ে দিয়ে এমন ব্যবস্থা করেছেন যাতে হাত দিয়েই ব্রেক করা যায়।
পাশাপাশি চালকের আসনটাও একটু বাড়িয়ে নিতে হয়েছে, যাতে দুই পা রেখে আসনে বসা যায়। তবে রাস্তায় তার সবচেয়ে বড় সমস্যা টয়লেটে যাওয়া নিয়ে। বাসা ছাড়া অন্য কোথাও টয়লেট ব্যবহার করতে পারেন না।
রেজাউল জানান, প্রতিদিন সকালে মেয়েকে নিয়ে পাশের উপজেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যান। তার মেয়ে পীরগঞ্জ সরকারি কলেজে পড়ে। এরপর কিছুক্ষণ সুলতানপুর থেকে বোচাগঞ্জ বা পীরগঞ্জ পর্যন্ত ভাড়ায় গাড়ি চালান।
দূরের যাত্রায় খুব বেশি যান না জানিয়ে তিনি বলেন, “যদি কেউ দূরে যেতে গাড়ি ভাড়া করে তাহলে আগের দিন থেকেই খাবার নিয়ন্ত্রণ করা শুরু করি, যাতে বাড়ি ফেরার আগ পর্যন্ত বাথরুমে যেতে না হয়। ওটা খুব কষ্ট।
“দূরে গেলে আগের রাত থেকেই খাওয়া বন্ধ রাখি। পানিও কম খাই, এসময় পান চাবাই বেশি, যাতে খিদা না লাগে।”
তার প্রতিবন্ধিতার পরিচয়পত্র বা আইডি কার্ড রয়েছে। যার মাধ্যমে প্রতি তিন মাসে ২২৫০ টাকা ভাতা পান। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ভাতার টাকা মুঠোফোন থেকেই তুলতে পারেন।
রেজাউলকে নিয়ে কথা হয় স্থানীয় নাফা নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজের সঙ্গে। তিনি বলেন, “মানুষের জীবন কী করে ঘুরে যায় রেজাউল তার উদাহরণ।”
শাহনেওয়াজ বলেন “অনেক কষ্ট করেছেন, এক ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরি করছে বলে শুনেছি। আরেক ছেলে পড়ছে। রেজাউল একটা গাড়ি কিনে চালাচ্ছেন। পরিবারটা এতোদিনে ঘুরে দাঁড়িয়েছে।”
