এবার ‘একটু বেশি’ দাম পাচ্ছে চামড়া
কোভিড মহামারীর দুই বছরে কোরবানির ঈদে চামড়ায় দাম না পেলেও ঢাকায় এবার একটু বেশি দামে চামড়া কিনছেন মৌসুমী ব্যবসায়ী বা ফড়িয়ারা।
চামড়ার আকার আর অবস্থাভেদে এবার প্রতিটি গরুর চামড়া ৫০০ থেকে ৮০০ পর্যন্ত বিক্রি করতে পারছেন ঢাকার খিলগাঁও, যাত্রাবাড়ী ও সায়েন্সল্যাব এলাকার মাদ্রাসাগুলো।
মহামারীর আগে আড়তদারদের প্রতিনিধিরা কাচাঁ চামড়া প্রতি পিস ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত কিনেছেন। তবে কম দামে গত বছর চামড়া কেনার পর ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে।
কোরবানির দিন বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্ররা পশুর চামড়া সংগ্রহে নেমে পড়েন। ঢাকায় কোরবানির পশুর চামড়ার অধিকাংশই এসব প্রতিষ্ঠানে দান করে দেওয়া হয়।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের নিয়ে চামড়া সংগ্রহ করতে দেখা গেছে মাদ্রাসা শিক্ষকদের। তাদের সংগ্রহ করা চামড়াগুলো কিনে নিচ্ছেন ফড়িয়ারা।
ঢাকার যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা সকাল থেকে বিকাল পর্যন্ত আড়াইশ চামড়া সংগ্রহ করেছেন, বেশিরভাগই গরুর।
এই মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক মো. ছামিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব চামড়া এক ব্যবসায়ী কিনে নিয়েছেন গড়ে ৫৫০ টাকা দরে।”
খিলগাঁও বাগানবাড়ি মাদ্রাসার শিক্ষক মাহফুজুর রহমান জানান, তিনি ৪০০ চামড়া সংগ্রহ করেছেন, এর মধ্যে ৩৮টি ছাগলের। গরুর চামড়াগুলো এক ব্যবসায়ী প্রতিটি ৫০০ টাকা করে কিনে নিয়েছেন। আর ছাগলের চামড়াগুলো এমনিতেই দিতে হয়েছে তাকে।
যাত্রাবাড়ীর এলাকার সায়দাবাদ আদর্শ নূরানী মাদ্রাসার কোষাধক্ষ্য মো. রিফাত উদ্দিন বলেন, তিনি ৪৫টি চামড়া পেয়েছেন। এক পাইকার তার কাছ থেকে কিনেছেন ৬০০ টাকা করে।
ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিভিন্ন পাইকারকে সন্ধ্যা পর্যন্ত চামড়া কেনার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ওই এলাকায় আকারে বড় চামড়াগুলো সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
সরকারের বেঁধে দেওয়া দর অনুযায়ী, ট্যানারি ব্যবসায়ীদের এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে ৪৭ থেকে ৫২ টাকায়। আর ঢাকার বাইরে এই দাম হবে ৪০ থেকে ৪৪ টাকা। গতবারের চেয়ে দাম বেড়েছে ৭ টাকা।
এ ছাড়া লবণযুক্ত খাসির চামড়া সাড়া দেশে ১৮ থেকে ২০ টাকায় কিনবে ট্যানারি। গতবারের চেয়ে দাম বেড়েছে ৩ টাকা।
তবে ফড়িয়া বা মৌসুমি ব্যবসায়ীরা কোরবানি দাতাদের কাছ থেকে বর্গফুট হিসাবে চামড়া কেনেন না। আকার বুঝে মোটের ওপর একটি দাম তারা দেন। সেখানে কিছু লাভ রেখে তারা পাইকারদের বিক্রি করেন। পাইকাররা নিজেদের লাভ রেখে সরকারের ওই নির্ধারিত দরে বা তার বেশি দামে বিক্রি করেন ট্যানারিতে।
এবার ঢাকায় ১২ লাখের বেশি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা দেখছে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বছরে বাংলাদেশ থেকে মোটামুটি ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ গরুর চামড়া, ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগলের, ২ দশমিক ২৫ শতাংশ মহিষের এবং ১ দশমিক ২ শতাংশ ভেড়ার চামড়া।
সারা বছর যে পরিমাণ কাঁচা চামড়া ক্রয় করে ট্যানারি প্রতিষ্ঠানগুলো তার অর্ধেকের বেশি হয় কোরবানির মৌসুমে।
