জানাজায় গিয়ে বন্যায় শেষ কনস্টেবল কাসেম, ঈদ নেই স্মৃতিদের ঘরে
এবার ঈদে খাসি কোরবানি দেওয়ার কথা ছিল; কিন্তু সে ইচ্ছা পূরণ হওয়ার আগেই বানের তোড়ে ভেসে যান সিলেট মহানগর পুলিশের ট্রাফিক কনস্টেবল আবুল কাসেম।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কল পেয়ে তিন দিন পর তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাজারীগাঁও এলাকা থকে লাশ উদ্ধার করে পুলিশ।
হাওরঘেরা এ উপজেলার টেংরাটিলা গ্রামের বাসিন্দা আবুল কাসেমকে হারিয়ে শোকে ভেঙে পড়েন স্ত্রী শাহেদা বেগম। নাওয়া-খাওয়া ছেড়ে দেওয়ায় এক পর্যায়ে তাকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়।
বাবাকে হারিয়ে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে স্মৃতির কাছে এবার ঈদ যেন ‘বিস্মৃতিতে’ হারিয়ে গেছে। আর পুরো পরিবারের কাছেই এখন থমকে আছে সময়।
“এখন আর কোরবানির কিছু নাই। আমাদের বাড়ির কোরবানিও বাদ দিয়েছি।”
পরিবারের সদস্যরা জানান, ডিউটি শেষে ১৬ জুন বিকালে সিলেট থেকে মোটরসাইকেলে নিজ গ্রামের প্রতিবেশী ও বন্ধু লিটনের বাবা বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিনের জানাজায় যান কাসেম।
সে রাতেই মোটরসাইকেলে আরও দুজনসহ যখন কর্মস্থল সিলেটে ফিরছিলেন, সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে তখন থৈ থৈ করছে বানের জল। কোথাও কোথাও রাস্তার ওপরও ছিল তীব্র স্রোত।
বাড়ি থেকে ৫-৬ কিলোমিটার দূরে মান্নারগাঁওয়ের রবি টাওয়ার এলাকায় মোটরসাইকেল ঠেলে পার হওয়ার সময় স্রোতে ভেসে যান কাসেমসহ তিনজন।
বানের তোড়ে অন্য দুজন সাঁতরে উঠতে পারলেও রেইনকোট পরনে থাকায় কাসেমের সেই ভাগ্য হয়নি।
স্থানীয়রা জানান, ঘটনার পরের দুই দিন ১৭ ও ১৮ জুন ওই এলাকায় বানের পানি আর স্রোত বেড়েছে। এর মধ্যেই কাসেমের লাশ খোঁজার চেষ্টা চালায় পুলিশ ও পরিবারের সদস্যরা। কিন্তু সন্ধান মেলেনি।
দোয়ারাবাজার থানার এসআই পান্না লাল দে জানান, যে স্থান থেকে কাসেম ভেসে যান, ১৯ জুন সেখান থেকে এক কিলোমিটার দূরের হাজারীগাঁও থেকে ৯৯৯ কলে একটি মরদেহ ভেসে থাকার খবর আসে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পানি নেমে গেছে তখন। একজন ফোন করে জানায়, একটা লাশ ভাসতেছে, পুলিশের রেইন কোট পরা আছে। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করি।”
কাসেমের ভাই আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ জুন আলফাজ উদ্দিনের জানাজা শেষে সন্ধ্যার সময় বাড়িতে এসে তাদের সঙ্গে দেখা করে যান কাসেম।
“সে বলছিল, কাটাখালি বাজারে কিছুক্ষণ সময় নিয়ে সিলেটের উদ্দেশে যাবে। তবে, সেখান থেকে সিলেটের দিকে কখন রওনা করছে আমরা জানতাম না।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অজু করে নামাজে চলে যাই। ভাবছিলাম, ও নামাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়াবে। কিন্তু বলল, ‘আজকের মতো যাই’।”
পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন কাসেম। কাসেমের যখন আড়াই বছর বয়স, তখন এই বাড়ির বউ হয়ে আসার কথা জানান ৫৩ বছর বয়সি রেহানা।
তিনি বলেন, “ওরে আমি কোলেপিঠে করে মানুষ করছি। এজন্য এলাকায় এলে যেভাবে হোক আমার সাথে দেখা করার চেষ্টা করত। আর শেষ দিন এসে ওর সাথে দেখা হল না।”
১৬ জুন রাত আড়াইটায় পুলিশ যখন কাসেমের বাড়িতে নিখোঁজ হওয়ার খবর পাঠায়, তখন রেহানাদের ঘরেও পানি উঠেছে।
কাসেমের মরদেহের সুরতহাল প্রতিবেদন দেওয়া এসআই পান্না লাল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খবর পাওয়ার পর ওসি স্যার পরিবারকে জানিয়েছেন।”
মেজ ভাবী রেহানা জানান, রাতে যখন তাদের খবর দেওয়ার জন্য ফোন করা হয়, তখন মোবাইল ফোনে চার্জ কম থাকায় ওসির সঙ্গে কথা বলার মাঝেই লাইন কেটে যায়।
পরে নিখোঁজের খবর জানলেও বানের রাতে কিছুই করার ছিল না কাসেমের ভাই এবং স্বজনদের। পরের দুদিন স্রোতের মধ্যে নৌকা নিয়ে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।
তিনদিন পর ১৯ জুন রাতে পুলিশের কাছে কনস্টেবল কাসেমের লাশ পাওয়ার খবর পান ভাই-বোনেরা। এর পরদিন পারিবারিক কবরস্থানে ভাইকে শেষশয্যায় শায়িত করেন তারা।
সুনামগঞ্জে বন্যার পানিতে তলিয়ে, বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১৬ থেকে ২১ জুন পর্যন্ত কাসেমসহ মোট ১৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি শামস শামীম)
