ঢাকা অনেকটা ফাঁকা, মানুষের ঢল স্টেশনে-টার্মিনালে
ঈদ সামনে রেখে দুদিন আগেই অনেকটা ফাঁকা গেছে ব্যস্ত ঢাকা; ভোগান্তি পেরিয়ে দলে দলে বাস ও লঞ্চ টার্মিনাল আর রেলস্টেশনগুলোতে ছুটছে মানুষ।
এমনিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে চেনা যানজট ঢাকার কম সড়কেই দেখা যায়। তার মধ্যে ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় মানুষের বাড়ি ফেরার তাড়ায় রাজধানীর রাজপথ এখন মোটামুটি খালি।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, যানবাহনের সংখ্যা অন্য শুক্রবারের চেয়েও কম। ফলে স্টেশন আর টার্মিনালমুখী মানুষদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
টার্মিনাল ও স্টেশনগুলোতে ঘুরে দেখা যায়, বেশ ঝক্কি পেরিয়ে টার্মিনালে পৌঁছতে পারলেও অগ্রিম টিকেট কাটা না থাকায় শেষ গন্তব্যে পৌঁছাতে অপেক্ষা আর ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।
ঈদের আগে ব্যস্ত ঢাকা-আরিচা মহাসড়কে এক শিশুসহ দুইজন আরোহী নিয়ে ছুটছেন এক মোটরসাইকেল চালক। ছবি: আসিফ মাহমুদ অভি
আগের দিনই বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড তিন কোটি ৩৪ লাখ টাকা টোল আদায়ের কথা জানিয়েছে সেতুর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে ঢাকা থেকে উত্তরের দিকে গেছে ২৫ হাজার ১১৩ পরিবহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
আর উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত সেতু দিয়ে ২৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরের পথে ১৯ হাজার ৩৩৬ এবং উত্তরাঞ্চল থেকে ঢাকার পথে পারাপার হয়েছে ৭ হাজার ৯৪১টি যানবাহন।
ঈদের ছুটিতে যাওয়ার আগে শুক্রবার ঢাকার পাড়ামহল্লার অনেক দোকান দরজা গুটাতে শুরু করেছে।
মহাখালী এলাকার এক দোকানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “আজকে ছুটির দিন হলেও খোলা রেখেছিলাম। ঈদের আগে আজই শেষ, সন্ধ্যায় বাড়ি যাব।”
মিরপুর-১১ নম্বরে ফুটপাতে জুতা বিক্রি করেন জোবায়দা সুলতানা; বিকিকিনির ব্যস্ততার মধ্যে শুক্রবার সন্ধ্যায় কথা হয় তার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল বৃহস্পতিবার থেকে কিছু কাস্টমার পাচ্ছি। আজ শুক্রবার কিছুটা বেশি মানুষ আছে। আজকেইতো শেষ দিন, কালকে মানুষ আর পাওয়া যাবে না।”
