আবে হত্যায় রাষ্ট্রপতির শোক ও নিন্দা
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবার্তায় তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দাও জানিয়েছেন বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।
দুই দফায় জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি টানা সবচেয়ে বেশিদিন দেশটির সরকার চালানোর রেকর্ড গড়েছিলেন আবে।
২০১৪ সালে তিনি ঢাকা সফরে এলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে তার সাক্ষাত হয়েছিল। সে সময় দুদেশে সম্পর্কোন্নয়নে আলোচনার পাশাপাশি বঙ্গভবনের পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করেছিলেন।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন আবে। শুক্রবার দলের হয়ে ভোটের প্রচারে গিয়ে আততায়ীর গুলিতে তিনি নিহত হন।
স্থানীয় সময় সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী আবেকে।
গুলিবিদ্ধ আবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুরনো খবর-
