ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শান্ত মারিয়ামের শিক্ষক গ্রেপ্তার
ঢাকার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কুমার অনিমেষ ভট্টাচার্য (৪২) ওই বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং বিভাগের প্রভাষক। বৃহস্পতিবার রাতে মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান।
তিনি বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীকে শিক্ষকের বাসায় নিয়ে গিয়েছিলেন যে সহপাঠী, তাকেও পুলিশ খুঁজছে।
ওই ছাত্রীর করার মামলার বরাত দিয়ে ওসি মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বারবিকিউ অনুষ্ঠানের কথা বলে গত ৬ জুলাই রাতে ওই শিক্ষার্থীকে উত্তরা ১৪ নম্বর সেক্টরে শিক্ষক কুমার অনিমেষের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল।
“সেখানে অনিমেষ দরজা খুলে ওই ছাত্রীকে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি করে।"
মামলার এজাহারে ওই শিক্ষার্থী বলেছেন, শিক্ষকের বাসায় বারবিকিউ পার্টিতে সবাই আসবে বলে তাকে জানিয়েছিলেন তার সেই সহপাঠী। মোবাইল ফোনে ওই শিক্ষকের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছিল। পরে পরিবারের অনুমতি নিয়ে ছোট ভাইসহ ওই শিক্ষকের বাসায় যান তারা।
সহপাঠীর কথায় ছোট ভাইকে নিচে থাকতে বলে তারা দুজন ভবনের পঞ্চম তলায় অনিমেষের ফ্ল্যাটে যান। কিন্তু সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল না বা অন্য কেউ ছিল না বলে এজাহারে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
শিক্ষক অনিমেষ বিবাহিত হলেও ওই ফ্ল্যাটে তিনি একা থাকেন জানিয়ে ওসি বলেন, “রাতে অভিযোগ পাওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ওই ছাত্রীর সহপাঠী সেই ছাত্রকেও খুঁজছি।”
