২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারপাড়ায় দা-বটির ঝনঝনানি, কদর বেড়েছে ‘পাগলুর’

দা-বটি-ছুরির ঝনঝনানি আর টুং-টাং শব্দই বলে দিচ্ছে, কতটা ব্যস্ততা কামারপাড়ায়; বছরের অন্য সময় আয়েশে কাটলেও কোরবানির ঈদ ঘিরে কাজ করে যেন কূল পান না তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

কামাল হোসেন তালুকদার,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 08:44 AM

Updated : 25 Oct 2022, 10:54 AM

ঈদের আগের কয়েক দিন খরিদ্দাদের চাপে দারুণ ব্যস্ততা যায় ঢাকার কারওয়ান বাজার, লালবাগ ও কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজারের কামারদের।

কাকডাকা ভোর থেকে তারা দা-বটি, ছুরি আর চাপাতি বানানোর কাজ শুরু করেন। অন্য সময় সন্ধ্যা নাগাদ দোকান গুছিয়ে ঘরে ফিরলেও এ সময় মধ্যরাত পর্যন্ত তাদের কাজ করতে হয়।

“এত পরিশ্রম শুধু বাড়তি একটু আয়ের জন্যই”, বললেন কারওয়ানবাজারে কামারপট্টির মকবুল হোসেন।

তপ্ত লাল দায়ে হাতুড়ি দিয়ে পেটাতে পেটাতে তিনি বললেন, “যদি সারা বছর একই রকমের চাহিদা থাকত, তাহলে এই একটা মাস এত বাড়তি পরিশ্রম করতে হত না। অনেক চাপ যায় এই কয়টা দিন। শরীর ব্যথা হয়ে যায়।”

Image
ঢাকার কারওয়ান বাজারে কামারের দোকানে গরম লোহা পিটিয়ে তৈরি হচ্ছে নতুন ছুরি-চাকু-চাপাতিসহ পশু জবাইয়ের নানা সরঞ্জাম। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার কারওয়ান বাজারে কামারের দোকানে গরম লোহা পিটিয়ে তৈরি হচ্ছে নতুন ছুরি-চাকু-চাপাতিসহ পশু জবাইয়ের নানা সরঞ্জাম। ছবি: আসিফ মাহমুদ অভি

মকুবল যখন কথাগুলো বলছিলেন, দরদর করে তার শরীর থেকে ঘাম চুইয়ে পড়ছিল। তার ভাষ্য, “অন্য সময় একটি দা বা চাপাতি তৈরি করতে দুই-তিন ঘণ্টা সময় নিতাম, কিন্তু এখন এক ঘণ্টায় তৈরি করতে হচ্ছে।”

বছরের অন্য সময় চাহিদা কম থাকলেও কোরবানির ঈদে মকবুলের মত কামারদের কদর বেড়ে যায়। তারা অপেক্ষায় থাকেন এই একটি মাসের জন্যই। বাড়তি আয়ও হয় এই সময়ে।

কারওয়ান বাজারে রুহুল আমিনের কামারশালায় চারজন কারিগর কাজ করেছেন গত কিছুদিনর। ভোর থেকে চাপাতি ও দা-ছুরি বানানোর কাজ শুরু হত, এমনকি খাওয়ারও সময়ও মেলেনি বলে জানালেন রুহুল।

তিনি বলেন, “একজন প্রধান কারিগর রয়েছে, যাকে প্রতিদিন ১৫০০ টাকা দিতে হয়। অন্য সময় ১০০০ টাকা দিলেও এখন চাপ বেশি, তাই কদরও বেশি।”

দোকানে এবার বিক্রি ভালো হয়েছে জানিয়ে রুহুল বলেন, “বছরের অন্য মাসগুলোতে কোনোরকমে টিকে থাকতে হয়, আর এই মাসের আয় দিয়ে ভারসাম্য করতে পুরো বছরের।”

কারওয়ানবাজার জনতা ট্রেডার্সের মালিক হারুনুর রশিদ বলেন, “রেলগেইট ধরে ১৬টি কামারের দোকান রয়েছে। সবাই কোরবানির ঈদের আশায় বসে থাকে। আশানুরূপ বিক্রি হয় ঈদের আগের দিন। তার আগে মোটামুটি বিক্রি হয়।”

কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজারের গুরুপদ কর্মকার চার দশক ধরে এই পেশার সঙ্গে যুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, প্রতিবছরই বিক্রির পরিমাণ কমে যাচ্ছে। আগে জিঞ্জিরা বাজারে কয়েকটি কামারের দোকান থাকলেও এখন দোকান আছে ২৫টির মত। দোকান বেড়েছে, কিন্তু ক্রেতা বাড়েনি।

Image
রাজধানীর কারওয়ান বাজারে কামারের দোকান থেকে কোরবানির পশু জবাইয়ের ছুরি-চাকুসহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করছেন ক্রেতা। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর কারওয়ান বাজারে কামারের দোকান থেকে কোরবানির পশু জবাইয়ের ছুরি-চাকুসহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করছেন ক্রেতা। ছবি: আসিফ মাহমুদ অভি

এখন যারা দা-ছুরি ও চাপাতি কেনেন, তাদের বেশিরভাগই পেশাদার কসাই বলে জানান তিনি।

কারওয়ানবাজার ও কেরানীগঞ্জের কামারপট্টিতে ঘুরে দেখা যায়, কোরবানি উপলক্ষে নতুন দা-বটির পাশাপাশি অনেকে এসেছেন পুরনো চাপাতি, ছুরি ও দা ধার দিতে।

রামপুরা থেকে মাহমুদুল হাসান কারওয়ান বাজারে এসেছেন দা আর চাপাতি কিনতে।তবে দাম একটু বেশিই মনে হয়েছে তার কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এক কেজি ওজনের একটি দায়ের দাম চাওয়া হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। আর চাপাতির দাম তারও বেশি। যদিও গত বছর একটি দা ৫০০ টাকায় কিনেছি।”

তবে একটি মূল্য তালিকা তুলে ধরে কারওয়ান বাজারের ‘ভোলা সদর কর্মকারের দোকান’ মালিক মো. আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, কী ধরনের লোহা দিয়ে তৈরি, দাম নির্ভর করবে তার ওপর।

“গাড়ির স্প্রিং এর লোহা ৬০০ টাকা কেজি, রেলের লোহা ৬৫০ টাকা, আর কাঁচা লোহা ৪০০ টাকা কেজি।”

চাপাতি সাধারণত ১ কেজি ২০০ গ্রামের হয়ে থাকে জানিয়ে তিনি পাল্টা প্রশ্ন করেন, “তাহলে একটি পণ্যের দাম কত পড়ে?”

আল আমিন জানান, বটি ৪০০ টাকাও বিক্রি করা হয়। আর গ্যাস সিলিন্ডারের লোহা থেকে বানানো চাপাতি ৫৫০ টাকায় বিক্রি করা হয়।

Image
কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়াতে ব্যবহার করা ছুরি-চাকু শান দিতে ব্যস্ত এক কামার। ছবি: আসিফ মাহমুদ অভি

কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়াতে ব্যবহার করা ছুরি-চাকু শান দিতে ব্যস্ত এক কামার। ছবি: আসিফ মাহমুদ অভি

বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, পশু জবাইয়ের জন্য ১৮ ইঞ্চি দৈর্ঘ্যের ছুরির দাম চাওয়া হচ্ছে ৫৫০ টাকা। ছোট চাইনিজ কুড়াল ৫০০ টাকা, আর বড় কুড়ালের দাম চাওয়া হচ্ছে ৭০০ টাকা। চাইনিজ কুড়ালের মানভেদে ৮০০ টাকাও দাম চাওয়া হচ্ছে।

বাজারে বটি-ছুরির পাশাপাশি পশুর মাংস আর হাড় কাটার জন্য চাপাতির মত একটি সরঞ্জামকে দোকানিরা নাম দিয়েছেন ‘পাগলু’।

অর্ধ চন্দ্রাকৃতি এই সরঞ্জামের উপরের দিকে দুটি ছিদ্র রয়েছে। ওজনে চাপাতির মত ভারি নয়, তবে কাজ করতে এর জুড়ি নেই।

দোকানিরা জানান, মাংস কাটার কাজে আর হাড়গুলো ছোট ছোট করে ফেলার কাজটি সহজ হয় ‘পাগলু’ দিয়ে। গত দুই-তিন বছর ধরে তারা লাঙ্গলের  ফলার লোহা দিয়ে এটি তৈরি করে আসছেন। বিক্রিও হচ্ছে ভালো।