২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেকেজির প্রতারণা: বাদপড়া সাক্ষীর জেরা ২৯ জুন

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ ৮ জনের পক্ষে-বিপক্ষে যুক্তির্কের শুনানি শেষে বাদ পড়া একজন সাক্ষীর জেরার জন্য ২৯ জুন দিন ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 10:24 PM

Updated : 14 Jul 2022, 06:27 PM

সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনে এ তারিখ রাখেন বিচারক ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হেসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়াস নামের জব্দ তালিকার  একজন সাক্ষীকে অভিযুক্ত ডা. সাবরিনার পক্ষে জেরা মুলতবি ছিল। নথিপত্র মনোযোগ দিয়ে ঘেঁটে এ বিষয় উদ্ধার করতে সমর্থ্য হই।

“কিন্তু আসামিপক্ষ বিষয়টি লুকিয়ে রেখেছিল উচ্চ আদালতে সুযোগ নেওয়ার জন্য।”

শুনানিতে আজাদ রহমান বলেন, জেকেজি হেলথ কেয়ার অনলাইনে বিজ্ঞাপন দিয়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তারা মনগড়া ভুয়া, ভুলভাল সনদ দিয়ে জনগণ ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি এ মামলায় জাল জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্নসাৎ, প্রতারণার দায়ে অভিযুক্তদের মোট ২১ বছর ৬ মাসের শাস্তি দাবি করেন।

এর আগে গত মঙ্গলবার ডা. সাবরিনার খালাস চেয়ে যুক্তিতর্কের শুনানি করেন তার আইনজীবী এহসানুল হক সমাজী।

গত ৮ জুন এ মামলার অন্যতম আসামি আরিফুর রহমানের পক্ষে খালাসের যুক্তি উপস্থাপন করেন আইনজীবী ফারুক আহাম্মদ।

মামলাটিতে ৪০ জন সাক্ষীর মধ্যে মোট ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।

মামলায় অভিযোগ করা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কোভিড শনাক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে।

এ অভিযোগে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় ভুক্তভোগী একজনের পক্ষে তার বাড়ির দারোয়ান মামলা করেন।

৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে দুপুরে সাবরিনা ও তার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র  দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী।

অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

এদের মধ্যে শফিকুর ইসলাম জেকেজি হেলথকেয়ারের নির্বাহী কর্মকর্তা, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা ও বিপ্লব দাস। তারা সবাই কারাগারে আছেন।

গত ২০ আগস্ট ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।