২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৫ হাজারের বেশি প্রাথমিক স্কুল ‘জরাজীর্ণ’

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঁচ হাজার ৬২৬টির ভবন জরাজীর্ণ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 09:50 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, এসব ভবনের মধ্যে মেরামতের উপযোগী ভবনগুলো সংস্কার করা হচ্ছে। আর যেগুলো মেরামতযোগ্য নয়, সেগুলো অকেজো ঘোষণা করে নতুন ভন নির্মাণ করা হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

প্রতিমন্ত্রী জাকির বলেন, “এসব জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলোতে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। যেসব বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন রয়েছে তার মধ্যে যেসব ভবন মেরামতযোগ্য, স্থানীয় চাহিদার ভিত্তিতে বড় রকমের মেরামতের আওতায় বরাদ্দ প্রদানের মাধ্যমে সেসকল ভবন ব্যবহার উপযোগী করা হচ্ছে।

“এছাড়া যেসব বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন মেরামতযোগ্য নয় ‘অকেজো ঘোষণা কমিটির’ মাধ্যমে সেসব ভবন অকেজো ঘোষণা করা হলে স্থানীয় চাহিদার ভিত্তিতে এবং বাজেটে অর্থ সংস্থান সাপেক্ষে পর্যায়ক্রমে অতিরিক্ত শ্রেণিকক্ষ/নতুন ভবন নির্মান করা হবে।”

সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “করোনা মহামারীর কারণে প্রাথমিক পর্যায়ে সমাপনী পরীক্ষা আপাতত বন্ধ থাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম বন্ধ আছে। তবে সুবিধাভোগী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি কার্যক্রম চলমান আছে।”

সরকারি দলের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে জাকির হোসেন জানান, চলমান স্কুল ফিডিং কর্মসূচি আগামী ৩০ জুন শেষ হবে। এরপর ফিজিবিলিটি স্টাডির সুপারিশের আলোকে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কুল ফিডিংয়ের জন্য নতুন প্রকল্প নেওয়া হবে।

এমপিওভুক্ত মাদ্রাসা প্রায় ৮০০০

সরকারি দলের সংসদ সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, দেশে মোট এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা সাত হাজার ৯৫৫টি। এগুলোতে প্রায় ৩৯ লাখ ১৫ হাজার ১৩৩ জন শিক্ষার্থী আছে।

সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়, সেগুলো এমপিওভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, ঢাকার স্কুলে শিক্ষার্থীর চাপ কমাতে সরকার রাজধানীর আশেপাশের এলাকাগুলোতে ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্‌ঠার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বিদ্যালয়গুলো হবে-কেরানীগঞ্জ, পূর্বাচল, জালকুড়ি, নবীনগর, ধামরাই, হেমায়েতপুর, জোয়ারসাহারা, সাঁতারকুল, আশুলিয়া ও চিটাগাং রোডে।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, 'শিক্ষা আইন, ২০২১' শীর্ষক পরিমার্জিত খসড়া আইনটি মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা পূর্বক মতামত প্রদান সংক্রান্ত কমিটিতে’ পাঠানো হয়েছে। আগামী ২৩ জুন প্রাপ্ত মতামত পর্যালোচনাপূর্বক খসড়াটি চূড়ান্ত করে নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

শিক্ষাকে সহজলভ্য করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর পরিকল্পনা নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইতিমধ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি কাঠামো সংগ্রহ করে পর্যালোচনার কাজ চলছে।”