২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

পানি সরাতে প্রয়োজনে রাস্তা কাটার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

সিলেট অঞ্চলে বন্যার পানি নেমে যেতে কোনো সড়ক বাধা হয়ে থাকলে তা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 11:41 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

শনিবার মিন্টো রোডের সরকারি বাস ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সিলেট সিটি করপোরেশনকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

“যেসব রাস্তার কারণে পানি নেমে যেতে পারছে না সেসব রাস্তা তাৎক্ষণিকভাবে কেটে ফেলতে বলা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা এব্যাপারে পর্যবেক্ষণ করছেন।”

এছাড়া সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেওয়া হয়ছে বলে জানান তাজুল ইসলাম।

ভারতের আসাম ও মেঘালয়ের রেকর্ড বৃষ্টি চরম দুর্ভোগ নিয়ে এসেছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। মৌসুমের তৃতীয় দফা বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের অন্তত ৩৫ লাখ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এ দুই জেলায় সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মন্ত্রী জানান, সরকারের প্রধান লক্ষ্য বন্যাদুর্গত এলাকা থেকে মানুষকে রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে আসা। আটকে পড়া মানুষদের শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা।

তিনি বলেন, “সরকারের আগাম প্রস্তুতি ছিল বলেই দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।”

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিতরণের লক্ষ্যে ৩২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান।

এছাড়া সুনামগঞ্জ ও সিলেটে এই পর্যন্ত ৮০ লাখ টাকা করে দেওয়া হয়েছে বলেও সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান তিনি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে।

কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বন্যা কবলিত ১১ জেলাতেই পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে। আর তিস্তার পানি এ সময়ে বিপদসীমার কাছাকাছি বা উপরে অবস্থান করতে পারে।

বন্যায় রাস্তা-ঘাট, সেতুসহ অন্যান্য যেসব ক্ষয়-ক্ষতি হবে সেগুলো মেরামতের জন্য সরকার অবশ্যই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে বলে সাংবাদিকদের জানান স্থানীয় সরকারমন্ত্রী।

আরও খবর

সিলেট-সুনামগঞ্জে ১২২ বছরে এমন বন্যা হয়নি: এনামুর  

সিলেট-সুনামগঞ্জের পর নেত্রকোণাও ডুবছে  

৬ ঘণ্টা পর সিলেট নগরীর কিছু স্থানে বিদ্যুৎ