২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর পুকুরের ঝোপে মিলল শিশুর লাশ

শনিবার সকালে নানা বাড়ি যাবার কথা বলে বের হয়েছিল মীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 10:03 AM

Updated : 22 Sep 2026, 10:16 AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিনদিন পর এক শিশুর লাশ পুকুরের পাড়ের ঝোঁপ থেকে উদ্ধার করা হয়েছ।

সোমবার বিকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী।

মারা যাওয়া ৭ বছরের মীম ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

মিজানুর রহমান বলেন, তাদের বাড়ির কাছেই মীমের নানার বাড়ি। শনিবার সকালে সেখানে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় মীম।

কিন্তু সেখানে না পৌছায় আর বাড়িতেও ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও মীমের সন্ধান পাওয়া যায়নি।

পরে সোমবার বিকালে বাড়ির কাছেই বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোঁপে মীমের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।