উন্নত দেশের লক্ষ্য অর্জনে পাশে থাকবে জাপান, আশা প্রধানমন্ত্রীর
বাংলাদেশের উন্নত রাষ্ট্রে উন্নীত হওয়ার লক্ষ্য পূরণে জাপানসহ দেশটির আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বাংলাদেশ এবং জাইকার উন্নয়ন সহযোগিতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি জাপানকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন।
এসময় জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে আন্তরিক শুভেচ্ছা জানান শেখ হাসিনা। সেইসঙ্গে দেশটির জনগণকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।
“আমি বিশ্বাস করি একটি দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের মূলমন্ত্র হল আন্তরিকতা, বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা। সেই মূল্যবোধ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ ও জাপানের একসাথে পথ চলা।”
২০২৬ সাল নাগাদ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি আশা করি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত হওয়ার লক্ষ্য পূরণে জাপান ও জাইকা পাশে থাকবে।”
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘জাপান-বাংলাদেশ-সমন্বিত অংশীদারিত্ব’ সূচনা করা হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি- জাইকা’র সঙ্গে সহযোগিতার ৫০ বছরে বাংলাদেশের উন্নয়নে দেশটির অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশ জাপানকে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং একক বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে স্বীকৃতি দেয়।”
১৯৭১-৭২ অর্থবছরে ১০ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য অনুদান সহায়তা থেকে শুরু করে বাংলাদেশে জাইকার আর্থিক সহায়তার মোট পরিমাণ এখন ২৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
এ লক্ষ্যে জাইকার সহায়তায় মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু, ঢাকায় মেট্রোরেল নেটওয়ার্ক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
দুই দেশের অতীত সম্পর্ক স্মরণ করে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম টোকিও সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি স্থাপন করেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
১৯৯২, ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে নিজের সফরের পাশাপাশি দুই দেশের সম্পর্ক জোরদারে ২০১৪ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, “ওই সফরে বিভিন্ন চুক্তির মাধ্যমে জাপান বাংলাদেশের কৌশলগত উন্নয়নে অংশীদার হয়ে যায়।”
এরপর জাইকা বে অব বেঙ্গল ইন্ডাষ্ট্রিয়াল গ্রোথ ইনিশিয়েটিভ (বিগবি) এর জন্য সবচেয়ে বড় প্রকল্প মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পে সহযোগিতা দেয়।
এছাড়াও ঢাকায় মাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি) তিনটি লাইন এবং হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ নানা যুগান্তকারী প্রকল্পে সহযোগিতা করছে জাইকা।
জাপানের রাষ্ট্রদূত বলেন, “সমৃদ্ধ ভবিষ্যত গঠনে জাপান বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের সাথে আরও নিবিড়ভাবে কাজ করতে চাই, যাতে উভয় পক্ষই লাভবান হয়।”
দুই দেশের সম্পর্কের ইতিহাস টেনে ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে জাপানের পক্ষ থেকে বাংলাদেশকে সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
এরপর ১৯৭৩ সালের অক্টোবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জাপান সফরের সময় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তরে জাপানের সহযোগিতা কামনা করেন।
ইতো নাওকি বলেন, “ওই সফরেই বঙ্গবন্ধু জাপানের কাছে যমুনা নদীর ওপর সেতু নির্মাণ করে অর্থনৈতিক উন্নয়নের ইচ্ছা ব্যক্ত করলে জাপান সরকার ওই সেতু নির্মাণে অর্থায়নের আগ্রহ প্রকাশ করে।
“তারই ধারাবাহিকতায় জাপান বঙ্গবন্ধু যমুনা সেতুর অর্থায়ন করে, যা ১৯৯৮ সালে উদ্বোধন করা হয়।“
বঙ্গবন্ধুর জাপান সফরকে ঐতিহাসিক বর্ণনা করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর ওই সফরেই পূর্ব এশিয়ার দেশগুলোর বাইরে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের সঙ্গে জাপানের শক্তিশালী বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ক শুরু হয়।
“১৯৭৩ সাল থেকেই জাপান বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া শুরু করে।”
এরপর থেকে নদী বেষ্টিত বাংলাদেশে সেতু তৈরি করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়। যাতে অবাধ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দেশের সকল প্রান্তের মানুষ অর্থনৈতিক উন্নয়নের সুযোগ পায়।
“সেই লক্ষ্য অনুযায়ী জাইকা বাংলাদেশে এ পর্যন্ত ২৪০ কিলোমিটার সেতু নির্মাণে করেছে,”- যোগ করেন তিনি।
অনুষ্ঠানে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেইচিরো নাকাজাওয়া বলেন, “গত ৫০ বছরে জাইকা ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হয়েছে।
“আমাদের সহযোগিতার প্রাক্কালে কেবল কৃষিখাতের উন্নয়নকে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছিলাম। বর্তমানে বাংলাদেশের প্রায় সবখাতেই জাইকার সহযোগিতা অব্যাহত রয়েছে।
“আমরা প্রায় সকল খাতেই কাজ করছি এবং এখন ১০০টিরও বেশি দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি। এরমধ্যে বাংলাদেশ অন্যতম বৃহত্তম অংশীদার।”
তিনি জানান, গত ৫০ বছরে বাংলাদেশকে কারিগরি সহযোগিতায় ৯৬ বিলিয়ন ইয়েন, ওডিএ ঋণ হিসাবে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন এবং অনুদান সহায়তা হিসাবে ১৩০ বিলিয়ন ইয়েন দিয়েছে জাইকা।
নাকাজাওয়া বলেন, “আমাদের ৫০ বছরের সুদীর্ঘ পারস্পরিক সহযোগিতা ও আত্মবিশ্বাস গঠনে বাংলাদেশ এবং জাপানের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।”
জাপান-বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “পারস্পরিক স্বার্থ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এই সম্পর্কের মূল চাবিকাঠি।”
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, “পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মধ্য দিয়েই জাইকা বাংলাদেশকে সহায়তা করে আসছে।”
রাজধানীর কাওরান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে জাইকা আয়োজিত সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাইকা‘র বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইয়ুহো হায়াকাওয়া।
