২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেলের সুফল পেতে রাস্তা-ড্রেনের ব্যবস্থাপনা জরুরি: আতিক

মেট্রোরেলের সুফল পেতে নিচের রাস্তা, ড্রেন, শাখা রোড, রাস্তার লাইট ও পরিবেশের সঠিক ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 07:19 PM

Updated : 14 Jul 2022, 06:24 PM

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল সংক্রান্ত এক অনুষ্ঠানে মেয়র এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, “ফুটপাতটা যথেষ্ট প্রশস্ত হতে হবে। তা না হলে সেখানে যাত্রীরা ব্যাগ বা জিনিসপত্র নিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে না। ল্যান্ডিং স্টেশনে পাবলিক স্পেসটা খুব জরুরি। এগুলো নিশ্চিত করতে হবে।”

মেট্রোরেলের সর্বোচ্চ সুফল পেতে ডিএনসিসি পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, “মিরপুর ১২ থেকে ফার্মগেট হয়ে বাংলামোটর পর্যন্ত এমআরটি-৬ এর নীচ দিয়ে সাড়ে ১০ কিলোমিটার রাস্তায় বিশ্বব্যাংকের অর্থায়নে ডিএনসিসি ইন্টেগ্রেটেড করিডোর ম্যানেজমেন্ট (আইসিএম) প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। ২০২৩ থেকে ২০২৬ সালে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।”

আইসিএম প্রকল্পের আওতায় রয়েছে গণপরিবহন অবকাঠামো নির্মাণ, ফুটপাত নির্মাণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা, রোকেয়া সরণিতে বাসের অগ্রাধিকার সুবিধা, বাস-বে, যাত্রী ছাউনি, আধুনিক টিকেট কাউন্টার, এমআরটির সঙ্গে সংযোগ সড়কের উন্নয়ন, ইলেকক্ট্রিক বাস চালু, সাইকেল লেইন, ট্র্যাফিক ফ্লো ব্যবস্থাপনা, ডিজিটাল ট্রাফিক সিগনাল, সেন্ট্রাল ট্রাফিক কন্ট্রোল সেন্টার,পার্কিং সুবিধা, জনগণকে সড়ক ব্যবহারে শিক্ষা প্রদান কার্যক্রম।

ঢাকায় নৌযান চলাচলে গুরুত্বারোপ করে আতিক বলেন, “আমাদের ন্যাচারবেসড সলিউশন করতে হবে। ঢাকার চারপাশে নদী আছে, শহরের ভিতরে আছে খাল। এগুলোর মাধ্যমে নৌযান চলাচলের ব্যবস্থা করলে যানজট নিরসন হবে।”

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস বলেন, “ঢাকাবাসীর জন্য এমআরটি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। এই এমআরটি চালু হলে যানজট অনেকাংশেই কমে যাবে, তবে পুরোপুরি কমবে না। ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট করেই আমদের এই যানজট নিরসন করতে হবে। পরিকল্পনা প্রণয়নের সময়েই অংশীজনদের সমন্বয় হলে আরও বেশি সুফল পাওয়া যাবে।”