২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে-মেয়েসহ বাবা আহত

বাইক চেপে ছেলে-মেয়েকে স্কুলে নেওয়ার পথে ঢাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে বাবাসহ তিনজনই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 04:04 PM

Updated : 14 Jul 2022, 06:24 PM

বুধবার সকালে হাই কোর্টের সামনে সড়কে তারা দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ জানিয়েছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে বাবা মাকসুদুল কায়ছার রয়েল (৪৫) এবং মেয়ে সপ্তম শ্রেণির রোজমি জাহান রাফার (১৩) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পরপরই তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।চিকিৎসক বলেছেন, বাবা-মেয়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রয়েলের ছেলে তৃতীয় শ্রেণির তানভির আহমেদও (৯) হাসপাতালে ভর্তি।

আহত রয়েল বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার। তার বাসা যাত্রাবাড়ীর বিবির বাগিচায়। তার ছেলে-মেয়ে পড়ে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইট সংলগ্ন বিএএফ শাহীন স্কুল ও কলেজে।

বাসা থেকে বেরিয়ে হানিফ ফ্লাইওভার হয়ে হাই কোর্টের সামনে দিয়ে বিএএফ শাহীন কলেজে যাওয়ার সময় তারা দুর্ঘটনায় পড়েন বলে স্বজনের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান।

রয়েলের স্ত্রী শারমিন জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  সকাল সাড়ে ৬টায় প্রতিদিনের মতো দুই সন্তানকে নিয়ে তাদের বাবা স্কুলের উদ্দেশে বের হন।

শাহবাগ থানার এসআই রাজু মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৭টার দিকে মাজার গেইটের সামনে দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

“আমরা ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করছি।”

ভাগ্নে ও ভাগ্নি দুইজনই বিএএফ শাহীনের স্কুল শাখার শিক্ষার্থী জানিয়ে রয়েলের শ্যালক লিটন মিয়া জানান, আহতদের অবস্থা ভালো না।