২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীকে নিয়ে মন্তব্য: ঢাকায় বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা

ভারতে নবীকে নিয়ে কটু মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে হামলা হলে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 10:06 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।  

বিক্ষোভকারীদের হামলায় আহত মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন ও এএসআই জাহাঙ্গীর আলম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকাসহ বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছিল কয়েকটি ইসলামী দল।

ঢাকা উদ্যান এলাকায় তেমনই একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবীজিকে কটূক্তির প্রতিবাদে ‘ইসলাম-হুল উম্মাহ’ এর ব্যানারে ঢাকা উদ্যান এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল কিছু ব্যক্তি। ওসি আবুল কালাম আজাদ এবং পরিদর্শক (অপারেশন্স) তোফাজ্জল হোসেনসহ আরও কয়েক কর্মকর্তা বিক্ষোভ স্থলে ছিলেন।

বেলা সাড়ে ৩টার দিকে তারা সমবেত লোকজনকে রাস্তা ছেড়ে পাশে গিয়ে বিক্ষোভ করতে ও দ্রুত কর্মসূচি শেষ করতে বলেন।

পুলিশ কর্মকর্তারা কথা বলার সময় বিক্ষোভকারীরা কোনো প্রতিক্রিয়া দেখাননি মন্তব্য করে তিনি বলেন, “কর্মকর্তারা চলে আসার সময় পেছন থেকে অতর্কিত হামলা চালান বিক্ষোভকারীরা। এতে ওসিসহ পরিদর্শক তোফাজ্জল ও এএসআই জাহাঙ্গীর আহত হন।“

তিনি জানান, ওসি কালামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভারতে নবীকে নিয়ে কটু মন্তব্যের বিতর্কের মূলে রয়েছেন নূপুর শর্মা, যিনি ছিলেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র।

গত মে মাসে এক টেলিভিশন বিতর্কে তিনি নবীকে নিয়ে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন। তার সেই বক্তব্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।

বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন কুমার জিন্দালও বিতর্কিত এই ইস্যুকে কেন্দ্র করে টুইটারে উসকানিমূলক পোস্ট দেন।

এরপরই দেশে বিদেশে ক্ষোভের মুখে পরে নরেন্দ্র মোদী সরকার। নবীকে নিয়ে বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার মন্তব্যের পর দেশে বিদেশে ক্ষোভের মুখে পড়ে নরেন্দ্র মোদী সরকার।

পরিস্থিতি সামাল দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পোস্ট করায় বিজেপির যুব সংগঠনের নেতা হার্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করা হয়েছে।

আর বিদ্বেষ ছড়ানোর অভিযোগে নূপুর শর্মা ও জিন্দালসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ।