২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারী হত্যার রহস্য উদঘাটনে সময় লাগবে: হাফিজ

সংবাদকর্মী আব্দুল বারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে ‘সময় লাগবে’ বলে মনে করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 07:24 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

শুক্রবার মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে ডিবি, পিবিআই, সিআইডিসহ অনেকগুলো সংস্থা একসঙ্গে কাজ করছে। ঘটনাস্থল থেকে ভিকটিমের একটি ফোন পাওয়া গেছে। ফোনটি ওপেন করা যায়নি।

“এ মামলার তদন্তে অনেক বিষয় সামনে নিয়ে এক সঙ্গে কাজ করা হচ্ছে। এই হত্যার রহস্য উদঘাটনে ভিকটিমের মরদেহ যে এলাকায় উদ্ধার হয়েছে, সেসব বিষয়সহ অনেক বিষয় মেলাতে হবে। রহস্য উদঘাটনে আমাদের আরও সময় লাগবে। এখনও বলার মতো কিছু পাওয়া যায়নি।”

বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন ফজলে রাব্বী পার্কের পেছনে থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর (২৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গলা ও পেটকাটা ওই মৃতদেহটি দেখতে পায় ছিন্নমূল কয়েকজন শিশু।

বিয়ের পিঁড়িতে বসা হলো না বারীর

হাতিরঝিলের পাড়ে টিভি প্রডিউসারের গলা কাটা লাশ  

বারী হাতিরঝিলে কেন, কার কাছে গিয়েছিলেন, উত্তর খুঁজছে পুলিশ  

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ‘পূর্ব শত্রুতার জের ধরে’ তাকে হত্যা করে হয়ে থাকতে পারে।

মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় ডিবিসি নিউজের কার্যালয়ের কাছে একটি মেসে থাকতেন আব্দুল বারী। মৃতদেহ উদ্ধারের আগের দিন মঙ্গলবার তার সাপ্তাহিক ছুটি ছিল।

মহাখালীর মাদ্রাসাগলির যে বাসায় তিনি থাকতেন, সেখান থেকে ওইদিন রাত ৮টা ৪৯ মিনিটে তাকে বের হয়ে যেতে একটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখতে পেয়েছে পুলিশ। তবে তখন তার সঙ্গে আর কেউ ছিল কি না, তা স্পষ্ট নয়। সেদিন হাতিরঝিলে তিনি কেন কিংবা কার কাছে গিয়েছিলেন, হত্যাকাণ্ডের কিনারা করতে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা।

স্বল্পভাষী বারীর সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল কি না, তার কোনো ধারণা দিতে পারেননি সহকর্মীরাও।

ডিবি প্রধান হাফিজ বলেন, “বারী অত্যন্ত স্বল্পভাষী একজন লোক। সে যেখানে চাকরি করত ও থাকত সেখানেও খুবই কম কথা বলত। খুব বেশি লোকজন তার পরিচিত ছিল না।”