২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খামচে টেনে-হিঁচড়ে জামা ছিড়ে ফেলা’: সেই তরুণীর মামলা

রিকশায় করে বাসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিপীড়নের শিকার হওয়া সেই তরুণী শাহবাগ থানায় মামলা করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 07:15 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

থানার ওসি মওদুত হাওলাদার জানান, বৃহস্পতিবার রাতে দায়ের করা মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে কাজ শুরু করেছে।

ওই তরুণী মামলার এজাহারে লিখেছেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে আসলে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ খামচে ধরে তার জামা ছিড়ে ফেলে; এরপর গালাগাল করতে করতে চলে যায়।

বৃহস্পতিবার বিকালে শাহবাগ থানায় গিয়ে প্রথমে মৌখিকভাবে এ বিষয়ে অভিযোগ জানান। পরে রাতে মামলা দায়ের করেন।

রিকশায় বাসায় ফেরার পথে এক ব্যক্তি তার ওপর হঠাৎ আক্রমণ করে জামা ছিড়ে ফেলে, গালাগাল করে বলে এর আগে ফেইসবুকে পোস্ট করেন ওই তরুণী।

এমন আক্রমণের শিকার হওয়ার কথা পোস্ট করে তিনি প্রশ্ন রাখেন, স্বাভাবিক নিরাপত্তা নিয়ে এদেশে বাঁচবেন কীভাবে?

‘খামচে টেনে-হিঁচড়ে গালাগাল করতে করতে চলে গেল’  

ফেইসবুকে নিজের ওয়ালে ওই ঘটনা নিয়ে নিজের ছেঁড়া জামা পড়া একটি ছবি পোস্ট করেন তিনি।

ওই তরুণী একটি বেসরকারি রেডিও স্টেশনে কর্মরত বলে পুলিশকে জানিয়েছেন।

গত ১৮ মে নরসিংদী রেলস্টেশনে ‘অশালীন পোশাক পরার অপবাদ’ দিয়ে এক তরুণীকে হেনস্থা করা হয়, পরদিন যার ভিডিও ছড়ায় নেট দুনিয়ায়। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ হয় দেশজুড়ে। রেলস্টেশনের ঘটনায় জড়িতদের আটকও করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।