২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঙ্কিপক্স সন্দেহে সেই বিদেশি পর্যবেক্ষণে, রিপোর্টের অপেক্ষা

মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি তুরস্কের নাগরিককে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 09:27 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

তার নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে আসেনি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান।

বুধবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার নমুনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি। আমরা তাকে ক্লিনিক্যালি ডায়াগনসিস করছি। উনি হাসপাতালে ভর্তি আছেন, আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।”

তুরস্কের ওই নাগরিক মঙ্গলবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার পর সন্দেহ হলে স্বাস্থ্য কর্মকর্তারা তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেন।

তার চিকিৎসার ইতিহাস পর্যবেক্ষণ করে তা চর্মরোগ বলে ধারণা করছেন সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক।

“তার হাত, কনুই, পা, হাঁটুর ত্বকে যে ফুসকুড়ি রয়েছে, সেগুলো দীর্ঘদিনের। উনি অনেক বছর ধরে চর্মরোগে ভুগছেন। তবে রিপোর্ট হাতে পেলে নিশ্চিতভাবে বলা যাবে। তার আগ পর্যন্ত আমরা ওনাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেব।”

টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বেলা ১২টায় শাহজালাল বিমানবন্দরে নামেন ওই ব্যক্তি। ইমিগ্রেশন পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেন। পরে আইইডিসিআরের একটি দল তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

ওই বিদেশিকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে মাঙ্কিপক্স আতঙ্ক ছড়ালেও বাংলাদেশে এখনও কারও মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর আসেনি।

আরও খবর:

মাঙ্কিপক্স: সন্দেহভাজন বিদেশি মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে  

মাঙ্কিপক্স বিশ্ব জনস্বাস্থ্যের জন্য ‘মাঝারি ঝুঁকি’: ডব্লিউএইচও

মাঙ্কিপক্স: কতটা দুশ্চিন্তার?

মাঙ্কিপক্স সম্পর্কে যা জানা জরুরি  

মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা  

দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়নি, ‘গুজবে’ সতর্ক করল বিএসএমএমইউ