'মলমপার্টি ও ছিনতাই চক্রের' ৪৪ সদস্য গ্রেপ্তার
ঢাকার পল্টন, মতিঝিল, শাহবাগ ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘মলমপার্টি’ হিসেবে পরিচিত প্রতারক চক্রের সদস্য এবং ছিনতাইকারীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ১৯ কৌটা মলম এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে বুধবার র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগের দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত র্যাব-৩ এর কয়েকটি দল পল্টন, মতিঝিল, শাহবাগ ও খিলগাঁও এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- মো. মিজু (২২), মো. উজ্জ্বল (২৫), স্বাধীন (২০), মো. জিসান (২২), মো. মাসুদ (১৯), মো. রানা মিয়া (২৩), মো. সোহেল মিয়া (২৬), মো. মাহফুজ শেখ (৩১), মো. আলামিন (৪২), পংকজ কুমার ভৌমিক (৩৩), মো. বিল্লাল (৩৫), আব্দুল হালিম (৩৮), জিসান ওরফে শান্ত (২৩), মো. রাজিব মৃধা ওরফে আশাদুল (২৬), মো. শামীম (৩৫), মেরাজ (২৮), মো. সুমন (৩০), মো. রিপন মোল্যা (৩২), ফরহাদ (২২), মো. রিংকু (৩৫), মো. সজিব হোসেন (২০), মো. আরিফ হোসেন (১৮), মো. বেলাল হোসেন (১৮), মো. রবিন (১৯), মো. সাগর (২০), মো. ইয়াছিন (২১), শাকিল আহমেদ সুমন (৩৫), মো. জুয়েল রানা (২৮), মো. সাদ্দাম শেখ (২২), মো. শাকিব মিয়া (১৯), মো. শান্ত (২১), মো. আরিফ হোসেন (২০), মো. পারভেজ (২৮), মো. জালাল (২২), মো. সোহাগ (২৮), মো. রাব্বি (২৫), শামীম (১৮), মো. আবু বক্কর সিদ্দিক (৪৮), মো. রাকিব (২০), মো. রানা (২০), মো. অলীমউদ্দিন শেখ (৩০), মো. তারেক হোসেন (২০), মো. নুর ইসলাম (৪৫) ও মো.আজিজ (৩২)।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন, “অজ্ঞানপার্টির সদস্যরা রাজধানীর লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করে। তারপর সহজ সরল যাত্রীদের টার্গেট করে কখনও তাদেরকে ডাব, কোমল পানীয় কিংবা পানির সাথে চেতনানাশক ওষধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে।
“আবার কখনও যাত্রীবেশে লঞ্চ, বাস ও ট্রেনে চড়ে যাত্রীদের পাশে বসে তাদের নাকের কাছে চেতনানাশক ওষুধে ভেজানো রুমাল দিয়ে অজ্ঞান করে থাকে। যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তার সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যায়।”
কখনও কথনও ভিড়ের মধ্যে চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুঁড়া বা বিষাক্ত তরল স্প্রে করে যাত্রীদের জিনিসপত্র কেড়ে নেওয়ার কথাও জিজ্ঞাসাবাদে তারা ‘স্বীকার করেছে’ বলে জানান র্যাব কর্মকর্তা আরিফ।
তিনি বলেন, “রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা। সুযোগ পাওয়া মাত্র তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়।”
সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলকভাবে জনশূন্য রাস্তায়, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা ‘বেপরোয়া হয়ে ওঠে’ জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, “ছিনতাইয়ে বাধা দিলে তারা নিরীহ পথচারীদের প্রাণঘাতী আঘাত করতে দ্বিধা বোধ করে না।”
ঢাকার খিলগাঁও ও মালিবাগ রেইল গেইট, দৈনিক বাংলা মোড়, পীরজঙ্গি মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, নাসিরের টেক, হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং, পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাই কোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেশি থাকে বলে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
