আগুন থেকে বাঁচাতে গিয়ে শঙ্কায় গাউসুল, রবিনদের প্রাণ
শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেলেও প্রথমে মাকে ফোন দিয়ে স্বাভাবিকভাবেই কথা বলেছেন গাউসুল আজম। আশ্বস্ত করে জানিয়েছেন, আগুন থেকে তাকে উদ্ধার করেছেন সহকর্মীরা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউর সামনে সোমবার এসব কথা জানালেন, বিষণ্ণ মুখে বসে থাকা গাউসুলের ভগ্নীপতি মিজানুর রহমান।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে আগুন লাগার খবর পেয়ে ইউনিটের সদস্যদের সঙ্গে সেখানে গেলে হঠাৎ বিস্ফোরণে মাটিতে শুয়ে পড়েন তার শ্যালক ফায়ার ফাইটার গাউসুল আজম।
সেখান থেকে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাইরে নিয়ে এলে গাউসুল প্রথমে ফোন দেন তার মাকে।
মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোন দিয়ে স্বাভাবিকভাবেই কথা বলছিল গাউসুল। আম্মাকে বলছিল, মা আমি আগুনের মধ্যে পড়ে গেছি, আমাকে বের করছে সবাই।”
ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি ১৬ জনের মধ্যে চারজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন।
এদের মধ্যে গাউসুল আজম (২২) সবচেয়ে বেশি আশঙ্কাজনক অবস্থায় আছেন জানিয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন বলেন, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
গাউসুলের বাবা এবং চাচাও হাসপাতালে এসেছেন জানিয়ে ভগ্নীপতি মিজানুর বলেন, “আম্মা, গাউসুলের স্ত্রী সবাই বাড়িতে পাগলের মত কান্নাকাটি করতেছে, সবাই আসতে চাইতেছে এইখানে। কিন্তু এখানে এসে লাভই বা কী?”
কন্টেইনার ডিপোর আগুনে দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি রোগীদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ফায়ার সার্ভিসের আরেক কর্মী রবিন মিয়া (২২) । তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
আবাসিক সার্জন আইয়ুব হোসেন বলেন, “যে চারজন শরীরে দ্গ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি আছেন, তাদের মধ্যে গাউসুল আজমের মতোই রবিনও আশঙ্কাজনক অবস্থায় আছেন”।
আইসিইউ’র বাইরে অপেক্ষায় ছিলেন রবিনের বাবা হোসেন আলী। ছেলের দগ্ধ হওয়ার সংবাদ শুনে তিনি মানিকগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে খবর পান, রবিনকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।
পরে তিনি আসেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে। আইসিইউতে বাবা হোসেন আলীর সঙ্গে কথা হয়েছে রবিনের।
হোসেন আলী বলেন, “আমি জিজ্ঞেস করছিলাম আমারে চিনছ? ও চিনতে পারছে। এর বেশি কথা হয় নাই।”
মানিকগঞ্জের সাটুরিয়ার ছেলে রবিন তিন ভাই এক বোনের মধ্যে তৃতীয়। চার বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন। বছর খানেক আগে বিয়েও করেছেন। বিয়ের আগে ধামরাই ফায়ার স্টেশনে ছিলেন। এক বছর আগে বদলি হন সীতাকুণ্ডে।
শ্বশুর বাড়ি ধামরাইয়ে থাকেন তার স্ত্রী বন্যা আক্তার। সোমবার বন্যাও আসেন স্বামীকে দেখতে।
“সীতাকুণ্ডে কেমিক্যাল ডিপোতে আগুন লাগছে, আমরা সেখানে যাচ্ছি। আমি ভাবছিলাম কাজ শেষ করে আমারে তো ফোন দিবেই। তাই আমি আর আম্মার কাছ থেকে ফোন নিয়ে তার সাথে কথা বলি নাই।”
অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্য রোগীদের সম্পর্কে চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, তাদের সাতজনের অবস্থা গুরুতর এবং পাঁচজন সুস্থ হওয়ার পথে আছেন।
এরা হলেন- খালেদুর রহমান (৫৮), মাগফারুল ইসলাম (৬৫), পুলিশের এসআই কামরুল হাসান (৩৩), শেখ মইনুল হক (৪১), আমিন (২২), রাসেল (৪২), ফারুক (৪৭), রুবেল (২৮), ফরমানুল ইসলাম (৩০), মহিবুল্লাহ (২৭), মাসুম মিয়া (৩২), ফারুক (১৬), নজরুল ইসলাম (৩৮) ও সজীব (৩০)।
এদের মধ্যে মাগফারুল ইসলাম বিএম কন্টেইনার ডিপোর সিকিউরিটি ইনচার্জ, খালেদুর রহমান ডিপোর প্রশাসনিক শাখার কর্মকর্তা এবং শেখ মঈনুল ডিপোর কর্মচারী।
চিকিৎসক আজাদ জানান, মঈনুল ও নজরুলের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। মহিবুল্লাহর শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।
রাসেলের শরীরে তেমন কোনো পোড়া না থাকায় অন্যান্য চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আইসিইউতে চিকিৎসাধীন ফরমানুলের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় ফরমানুল সীতাকুণ্ডের ওই কেমিক্যাল ডিপোতে কন্টেইনার রিসিভার হিসেবে কাজ করেন।
আইসিইউর বাইরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় ফরমানুলের বন্ধু বেলাল উদ্দীনের।
তিনি বলেন, “ঘটনার দিন রাত পৌণে ১১টার দিকেও ফরমানুল আমাকে মেসেজ দেয়। সে আগুনের একটা ভিডিও আমাকে পাঠিয়ে বলে আমাদের এইখানে আগুন লাগছে। তারপর সোয়া ১১টায় ওকে আমি ফোন দেই।
“ফোন দিয়ে তাকে পাচ্ছিলাম না। পরে জানলাম রাত সাড়ে ১১টায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।”
ডিপোর প্রশাসনিক শাখার কর্মকর্তা খালেদুর রহমানের মেয়ের জামাই মিনহাজুর রহমান জানান, তার শ্বশুর পরিবার নিয়ে চট্টগ্রামের মোজাফ্ফর নগরে থাকেন। আগুনের খবরে ডিপোর উদ্দেশে বের হয়ে সেখানে গিয়ে আগুনের কবলে পড়েন।
পোস্ট অপারেটিভ ওয়ার্ডের সামনে কথা হয় দগ্ধ মালবাহী কাভার্ড ভ্যানচালক রুবেলের স্ত্রী বিবি মরিয়মের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গাড়ি নিয়ে উনি ডিপোর ভেতর ঢোকার পরই আগুন লাগে। ডিপোর গেট বন্ধ হয়ে যাওয়ায় উনি আর বের হইতে পারেন নাই। পরে কারা যেন আমারে ফোন দিয়ে বলে ওনার অবস্থার কথা।
রুবেল ও মরিয়মের সংসারে আট বছর বয়সী এক মেয়ে এবং সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে আছে বলে জানান মরিয়ম। তারা থাকেন চট্টগ্রামের মিরসরাইতে।
সোমবার সকালে শরীরের ৭ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি হন কাভার্ড ভ্যানচালক সজীব।
তার ভাই সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আগুন লাগার পরে ভাইয়া মিথিলা ভাবীর (সজীবের স্ত্রী) সাথে ভিডিওকলে কথা বলতেছিল। দেখাচ্ছিল যে আগুন লাগছে।
“এরমধ্যেই হঠাৎ বিস্ফোরণ হলে ভাইয়ার হাত থেকে ফোন পড়ে যায় আর কলটাও কেটে যায়। ভাইয়া ডিপোর ভিতরেই গাড়ি নিয়ে দূরে সরে যায়। কিন্তু তার শরীরে কেমিক্যাল ছিটকে পড়ে। চোখেও কেমিক্যাল ছিটকে যায়।
“ভাইয়া চোখে দেখতে পারছিল না। সেখান থেকে আমার এক চাচা তাকে উদ্ধার করে নিয়ে আসে।”
সীতাকুণ্ডের ওই কন্টেইনার ডিপোতে শনিবার রাতে আগুন লাগার পর রোববার দুপুরেও পুরোপুরি নেভানো যায়নি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে; দগ্ধ ও আহত দুই শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(প্রতিবেদনটিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু)
