২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বিস্ফোরণ: দায়ীদের বিচার দাবিতে শাহবাগে মিছিলে হামলা

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকার শাহবাগে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 10:49 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

হামলাকারীরা ছাত্রলীগের বলে অভিযোগ করেছে বাম নেতারা। তবে সরকার সমর্থক সংগঠনির নেতারা সেই অভিযোগ অস্বীকার করেছে।

সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে শনিবার অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়।

ওই ডিপোতে অনুমোদন না নিয়ে রাসায়নিক রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে, যা আগুনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল।

অগ্নিকাণ্ডে প্রাণহানির জন্য যারা দায়ী, তাদের বিচারের দাবিতে সোমবার বিকালে শাহবাগ মোড়ে সমাবেশ শেষে ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ’ ব্যানারে বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে রওনা হয়।

পথে ছাত্রলীগের একদল কর্মী তাদের উপর হামলা চালায় বলে দাবি করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য।

হামলায় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায়, সামজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মাহমুদুল হাসান অর্ণব, কর্মী মোজাম্মেল হক আহত হন।

জয়দীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাওয়ার পথে হঠাৎ পেছন থেকে ছাত্রলীগের ৬ থেকে ৭ জন ইট-পাথর দিয়ে আমাদের উপর হামলা চালায়। ওই সময় একটা  অ্যাম্বুলেন্সকে পাশ দিতে গিয়ে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। যখন তারা আবার আমাদের দিকে ছুটে আসছিল, তখন ধাওয়া-পাল্টা হয়।

“হামলায় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায়ের মাথা ফেটে যায়। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার মাথায় ৮টি সেলাই লেগেছে। আরও অনেকে আহত হয়েছে।”

হামলাকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের অনুসারী হিসেবে পরিচিত মাসরুক হাসান সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হাসান রুপু ছিলেন বলে দাবি করেন জয়দীপ।

সিয়াম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো ছিলাম না। যেটা জেনেছি, শাহবাগ থানার সামনে দিয়ে ওনাদের মিছিলের কারণে রাস্তায় কয়েকটা অ্যাম্বুলেন্স আটকা পড়ে গিয়েছিল। সেগুলো পাশ করে দেওয়ার জন্য আমাদের হলের সুজনসহ তিন চারজন শিক্ষার্থী এগিয়ে যায়। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সুজনের উপর হামলা করে। সুজন এখন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছে।”

ছাত্রলীগের  এই নেতা বলেন, “উনারা যে অভিযোগ করতেছে, আমার প্রশ্ন হলো, তিন-চারজন কীভাবে একটা মিছিলে হামলা করে? এই কয়জন হামলা চালানোর সুযোগ নেই।”

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানতে পেরেছি, প্রথমে ওরা (বাম ছাত্র সংগঠন) মিছিল থেকে দুজন ছাত্রের উপর হামলা করেছে। ওই দুজন ছাত্রলীগকর্মী বলে জানা যায়। তারা মোটরসাইকেল নিয়ে সাইড চেয়েছিল, তাদেরকে সাইড দেওয়া হয়নি। একটি অ্যাম্বুলেন্সকে সে সময়ে সাইড দেওয়া হয়। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে হাতাহাতি হয়।”

তবে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি বলে তিনি জানান।