২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজি সেলিমের জামিন শুনানি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের জামিন আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 08:47 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

সোমবার হাজি সেলিমের জামিন আবেদনের শুনানির পর আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এই আদেশ দেয়। আগামী ১ অগাস্ট তার জামিন আবেদনের শুনানি হবে আপিল বিভাগে।

আসামিপক্ষের আইনজীবী সাঈদ আহমেদ রাজা সাংবাদিকদের বলেন, “জামিন আবেদনটি চেম্বার আদালতে নিয়ে গিয়েছিলাম। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে আবেদনটি ১ অগাস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দিয়েছেন। লিভ টু আপিলের শুনানি আজ হয়নি।”

শুনানিতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

তিনি  বলেন, “হাই কোর্টের রায়ের বিরুদ্ধে হাজি সেলিম যে লিভ টু আপিল করেছেন সেটি গ্রহণ করে শুনানির আগে তিনি জামিন পেতে পারেন না বলে জানিয়েছেন আদালত। এখন পর্যন্ত এই মামলায় তার দণ্ড ও সাজা বহাল।

“দণ্ড ও সাজার বিরুদ্ধে ওনার লিভ টু আপিল গ্রহণ করলে তিনি বলতে পারবেন মামলাটি বিচারাধীন। তার আগে সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী তিনি এখন নিজেকে সংসদ সদস্য হিসেবে দাবি করতে পারেন না।”

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে গত ২৪ মে লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন এবং জামিনের জন্য আবেদন করেন হাজি সেলিম। জামিন আবেদনের শুনানির পর চেম্বার আদালত এই আদেশ দেন।

গত ২২ মে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করে হাজি সেলিম এই মামলায় জামিনের আবেদন করলে বিচারক শহীদুল ইসলাম তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়। পরদিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে কারা-তত্ত্বাবধায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও খবর-

কারাগারে যাওয়ার পরদিনই হাসপাতালে হাজি সেলিম  

হাজি সেলিমের এমপি থাকতে বাধা নেই: আইনমন্ত্রী  

দণ্ড বাতিল চেয়ে হাজি সেলিমের আপিলের আবেদন  

আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে