সীতাকুণ্ডে আগুন বিস্ফোরণ: ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি বেড়ে ১৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন ও বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত দগ্ধ ১৬ ব্যক্তিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে সেখানে এক সংবাদ সম্মেলনে রোগীদের বিষয়ে এ তথ্য জানিয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, গতকাল রবিবার ১৪ জন রোগী আসেন এই ইউনিটে আর সোমবার দুপুর পর্যন্ত ভর্তি হয়েছেন আরও দুজন।
শনিবার রাতে ওই ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও দগ্ধদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন ক্লিনিক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যাদের অবস্থা গুরুতর তাদেরকে উন্নত চিকৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন চিকিৎসকরা।
রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, চিকিৎসাধীন ১৬ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, আর আশঙ্কাজনক চারজনের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ))। এছাড়া বাকি ৫ জন সুস্থ হওয়ার পথে আছেন।
চিকিৎসাধীন রোগীরা হলেন- খালেদুর রহমান (৫৮), মাকফারুল ইসলাম (৬৫), পুলিশের এসআই কামরুল হাসান (৩৩), শেখ মইনুল হক (৪১), আমিন (২২), রাসেল (৪২), ফারুক (৪৭), গাউসুল আজম (২২), রবিন (২২), রুবেল (২৮), ফরমানুল ইসলাম (৩০), মহিবুল্লাহ (২৭), মাসুম মিয়া (৩২), ফারুক (১৬), নজরুল ইসলাম (৩৮) ও সজীব (৩০)।
রোগীদের মধ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পুড়েছে গাউসুল আজমের, এর পরেই আছেন দগ্ধ রোগী রবিন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া ৩০ শতাংশ দগ্ধ হয়েছে ফরমানুলের। এই তিনজনকেই বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা করা হচ্ছে বলে জানান চিকিৎসক আবুল কালাম আজাদ। তিনজনের মধ্যে গাউসুল ও রবিনের অবস্থা ভালো নয় বলেও জানান তিনি।
অধ্যাপক আজাদ আরও জানান, ২০ শতাংশ দগ্ধ হয়েছে শেখ মইনুল হক ও নজরুল ইসলামের, এর পরে আছেন মহিবুল্লাহ, তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া খালেদুর রহমান, রুবেল, মাকফারুল ইসলাম ও ১৬ বছর বয়সী ফারুকের শরীর পুড়েছে শতকরা ১২ শতাংশ। আর কামরুল হাসানের শরীর ৪ শতাংশ, আমিন ও ফারুকের ৫ শতাংশ, মাসুমের ৪ এবং সজীবের শরীরের ৭ শতাংশ পুড়ে গেছে আগুন ও বিস্ফোরণে।
কন্টেইনার ডিপোর আগুন-বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ১৪ জনের চোখে সমস্যা হয়েছে
তবে দগ্ধদের মধ্যে ১৪ জনের চোখে সমস্যা হয়েছে বলে জানান এ চিকিৎসক।
এ চিকিৎসক সংবাদ সম্মেলনে আরও জানান, এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে আসা রোগীদের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনিই এই মেডিকেল বোর্ডের প্রধান।
‘বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
এদিকে সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণে আহতদের সঠিক চিকিৎসা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি বলেন, “এই ধরনের ঘটনা আর ঘটুক আমরা চাই না। এই ঘটনার সাথে যারা দায়ী, প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।
“যারা চিকিৎসাধীন আছেন, তাদের সকল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যারা ঢাকায় চিকিৎসা নিতে চান তাদের ঢাকায় নিয়ে আসার কথা বলেছি।”
