মিরপুরের বিক্ষোভকারীদের সড়ক ছাড়ার আহ্বান শাহজাহান খানের
ঢাকার মিরপুরের পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে সংসদ সদস্য শাহজাহান খান আন্দোলনকারীদের রাজপথ ছাড়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “চলমান বিক্ষোভ বা নিয়মতান্ত্রিক পন্থায় অগ্রসর না হয়ে, হঠকারী আন্দোলন করছেন যা কোনো সফলতা বয়ে আনবে না। শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়টি পূর্ব নির্ধারিত; সময়মতো সরকার ও মালিকপক্ষের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রোববার ঢাকার নয়াপল্টনের শ্রম ভবনে পোশাক মালিক, শ্রমিক ও সরকার- ত্রিপক্ষীয় সভায় তিনি এ কথা বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চলমান দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি করে বেতন সমন্বয়ের দাবিতে গত বৃহস্পতিবার থেকে রাজধানীর মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে আসছেন পোশাক শ্রমিকরা।
রোববার টানা সাত ঘণ্টা সেখানকার বিভিন্ন সড়ক শ্রমিকদের বিক্ষোভের কারণে অবরুদ্ধ ছিল। পরে পুলিশ লাঠি চালিয়ে তাদের সরিয়ে দেয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মিরপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিক নেতাদের সম্পৃক্ততা নেই। ত্রৈপক্ষীয় বৈঠকে মালিকপক্ষ চলমান আন্দোলনকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ পোশাক শিল্পের অগ্রগতিকে ব্যাহত করার লক্ষ্যে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন।”
বৈঠকে উপস্থিত ন্যাশনাল প্রগ্রেসিভ গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের জানা মতে, ওই এলাকায় প্রতিটি কারখানার বেতন নিয়মিত পরিশোধ হয়। তার পরও শ্রমিকরা কেন আন্দোলন করছে আমরা জানি না। তাদের নেতা কে, কাদের দ্বারা আন্দোলন চলছে তারা জানাতে পারে নাই “
আন্দোলনের বিষয়বস্তু নিয়ে সন্দেহ করে তিনি বলেন, “অনেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বিক্ষোভের মধ্যে বলছেন। কিন্তু বেতন বাড়ানোর কোনো দাবি বিক্ষোভে নেই।
“গত শনিবারে যেটা উপলব্ধি করেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তারা স্লোগান দিল। ব্যানারে লেখা আছে, সৌজন্য গার্মেন্টস শ্রমিকবৃন্দ। যাদের সাথে আমরা কাজ করি, বিভিন্ন অভিযোগ সমাধান করি তাদের কাছে বিক্ষোভের কারণ জানতে চেয়েছি। তারা আমাদেরকে আন্দোলনে সম্পৃক্ত হতে বলে। কিন্তু আন্দোলন শুরুর সময় আমাদের সাথে যোগাযোগ করেনি।”
বিক্ষোভে লোক সমাগম ধীরে ধীরে বাড়ছে কেন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা খুবই স্বাভাবিক বিষয়। যখন রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হয়, তখন এমনিতেই সেখানে উৎসুক জনতার ভিড় বেড়ে যায়। সেখানে কারা পোশাক শ্রমিক, কারা পথচারী সেটা আলাদা করা যায় না। এজন্য আমরা মন্ত্রণালয়ের বৈঠকে পোশাক শ্রমিকদের জন্য পৃথক ইউনিফর্ম চেয়েছি।“
বৈঠকে উপস্থিত পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা মিরপুর এলাকায় বিভিন্ন সময় শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তারা দাবি করেছে যে, তারা এই আন্দোলনের সাথে নেই। এই মুহূর্তে শ্রমিকরা যে দাবি নিয়ে বিক্ষোভ করছে সেটা অসংলগ্ন।
“নিয়ম অনুযায়ী ৫ বছর পর পর বেতন বাড়ানো হয়, কিন্তু এখনও ৫ বছর পূরণ হয়নি। সময় হলে বেতন বাড়বে, নতুন ওয়েজ বোর্ড গঠন হবে। ওয়েজ বোর্ড প্রতি ৫ বছর পর পর হবে। ২০২৩ নভেম্বর-ডিসেম্বরের দিকে হওয়ার কথা। তাহলে এখন কেন এসব দাবি দাওয়া আসবে? “
