সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতে কূটনীতিকদের শোক
চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা।
শনিবার রাতের ওই অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করেন যুক্তরাজ্যের ফরেইন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমাদও।
এক টুইট বার্তায় লর্ড আহমাদ বলেন, “বাংলাদেশের চট্টগ্রামে কনটেইনার ডিপোতে মর্মান্তিক আগুনের খবর দেখে শোকাহত ও দুঃখিত। যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি।”
সীতাকুণ্ডে কদমরসুল এলাকায় ওই বেসরকারি কন্টেইনার টার্মিনালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। সেখানে রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে।
অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রায় অর্ধশত জনের মৃত্যু হয়েছে; দগ্ধ ও আহত দুই শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী টুইটারে এক শোকবার্তায় বলেন, “চট্টগ্রামে কন্টেইনার ইয়ার্ডে আগুনের খবর হৃদয়বিদারক, যাতে অনেক মূল্যবান জীবন হারিয়েছে আর বহুলোক আহত। বাংলাদেশি ভাই-বোনদের সাথে আমাদের সংহতি। আমাদের প্রার্থনা ও শোক।”
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন এক টুইট বার্তায় বলেন, “চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ক্ষতির খবরে এবং বহু মানুষের প্রাণক্ষয় ও আহতের কথা শুনে আমি শোকাহত। হতাহত ও তাদের পরিবারের জন্য আমার প্রার্থনা।”
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বার্তায় বলেছে, চট্টগ্রাম কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গভীর সমবেদনা প্রকাশ করছে।
টুইটারে এক শোকবার্তায় ঢাকায় অস্ট্রেলীয় হাই কমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, “চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়ঙ্কর আগুনের ক্ষয়ক্ষতিতের আমরা শোকাহত ও খুব দুঃখিত। যারা প্রিয়জন ও বন্ধুবান্ধব হারিয়েছেন এবং বিধ্বস্ত পরিস্থিতির কারণে যারা ভুগছেন, তাদের জন্য আমাদের প্রার্থনা।”
