দেশের অগ্রযাত্রা নিয়ে তথ্যচিত্র ‘বদলে যাওয়া বাংলাদেশ’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘বদলে যাওয়া বাংলাদেশ’ দেখানো হবে একুশে টেলিভিশনে।
আগামী ২০ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় একুশে টেলিভিশনে ধারাবাহিকভাবে তথ্যচিত্রটি প্রচারিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, এটি প্রকল্পকেন্দ্রিক তথ্যচিত্র হলেও ভিন্নতা থাকবে প্রতি পর্বে। থাকবে মানুষের জীবনযাপন ও সংস্কৃতির বৈচিত্র্যের চিত্রায়ন। ফুটে উঠবে অনুন্নত বাংলাদেশ থেকে মধ্যম আয়ের বাংলাদেশে রূপান্তরের চিত্র।
আশ্রয়ন প্রকল্প নিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে তুলে ধরা হবে অন্যান্য উন্নয়ন প্রকল্প চিত্র, আশ্রয়হীন মানুষ ও তাদের জীবন মান এবং স্বাবলম্বী হবার ধারাবাহিক সংগ্রামের কথা।
প্রতিটি পর্বে দেশের প্রত্যন্ত অঞ্চলের ছিন্নমূল, অসহায় মানুষের বৈচিত্র্যময় জীবনচিত্র আর লোকজ ঐতিহ্য-সংস্কৃতি-সম্ভাবনা উঠে আসবে।
