‘শশা মনির’: যাত্রাপথে শশা খাইয়ে ‘লুটে নিতেন’ সর্বস্ব
রাজধানীর তুরাগ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব বলছে, চলতি পথের যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়া এক চক্রের ‘সর্দার’ তিনি।
রোববার রাতে তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে মো. মনির ওরফে মোনারুল ওরফে শশা মনিরকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে মনির বলেছে, সে একজন অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন ধরে শশা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সাথে চেতনাশক মিশিয়ে বাসসহ পাবলিক ট্রান্সপোর্টে যাত্রীদের খাইয়ে মূল্যবান জিনিসপত্র লুট করার কাজে লিপ্ত ছিল।”
ওই কৌশলের কারণে মনির চক্রের মধ্যে ‘শশা মনির’ নামে পরিচিত ছিলে বলে র্যাবের ভাষ্য।
নোমান আহমেদ বলেন, মনিরের নামে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
