২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব উন্নয়নে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তদন্তের সুপারিশ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বদলি বাণিজ্য ও নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেনের যে অভিযোগ উঠেছে, তার তদন্ত চায় সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2022, 09:56 PM

Updated : 02 Aug 2022, 03:22 PM

বিষয়টি তদন্ত করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ সুপারিশ করেছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোখলেছুর রহমানের বিরুদ্ধে জ্যেষ্ঠতা তালিকা লঙ্ঘন করে অর্থের বিনিময়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে তৃতীয় শ্রেণির ১১২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্ব প্রদান, বদলি বাণিজ্য ও নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে।

ওই কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের স্থল থেকে কুস্তি ফেডারেশনকে অন্য কোথাও সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে সেখানে কোন কোন ফেডারেশনকে অন্তর্ভুক্ত করা যায় এবং ফেডারেশনের কী কী চাহিদা থাকতে পারে, তা জানানোর সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশ নেন।