২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়ছে: তথ্যমন্ত্রী

সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলোর একটি তথ্যভাণ্ডার তৈরির রোডম্যাপ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2022, 12:22 AM

Updated : 29 Apr 2022, 12:04 AM

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সুরক্ষার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সংস্থার বার্ষিক প্রতিবেদন ২০২০ তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। একটি জুড়িসিয়াল বোর্ড হিসেবে পাঠক এবং পত্রিকার মধ্যে কোনো বিরোধ উৎপত্তি হলে সেটি নিষ্পত্তি করার লক্ষ্যেই এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল।

“সময়ের বাস্তবতায় প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার জন্য আমরা যে নতুন আইন খসড়া করেছি, সেটি ইতোমধ্যে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। মন্ত্রিসভায় উপস্থাপনের পর পার্লামেন্ট হয়ে সেটি পাস হলে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়বে।”

এ সময় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া এবং সাংবাদিকতার উৎকর্ষ সাধনে ভূমিকা রাখার পাশাপাশি তথ্যমন্ত্রীর আগের নির্দেশনা অনুসারে একটি নীতিমালার ভিত্তিতে সাংবাদিকদের তালিকা তৈরির কাজ শুরু করায় প্রেস কাউন্সিলকে ধন্যবাদ দেন হাছান মাহমুদ।

তিনি বলেন, “সাংবাদিক নয় কিন্তু সাংবাদিক পরিচয় দিয়ে যখন কেউ অপকর্ম করে, অনেক সময়ই সেটি পুরো সাংবাদিক সমাজের ওপর বর্তায়। এটি থেকে পুরো সাংবাদিক সমাজকে রক্ষা করার জন্য আমি প্রেস কাউন্সিলকে অনুরোধ জানিয়েছিলাম- এ ব্যাপারে অংশীজনদের সাথে আলাপ করে একটি নীতি প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলোর একটা ডাটাবেইজ তৈরি করার জন্য।

“আমি মনে করি এতে শৃঙ্খলা আসবে, অপসাংবাদিকতা কমে যাবে। সত্যিকার সাংবাদিক ও গণমাধ্যম সুরক্ষা পাবে। সেই কাজটি প্রেস কাউন্সিল ইতোমধ্যেই শুরু করেছে। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।”

সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আছে এবং ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রেস ক্লাবের সামনে, নয়া পল্টনের সামনে মিছিলে-মিটিংয়ে বক্তৃতা করছেন। ওয়ারেন্টভুক্ত আসামি যখন পুলিশের নাকের ডগায় আস্ফালন করে, তখন তো তাদেরকে গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব।

এ সময় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম, দি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক প্রভাতের সম্পাদকমণ্ডলীর সভাপতি মুজাফফর হোসেন পল্টু, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এস এম কিবরিয়া চৌধুরী, সচিব শাহ আলম, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দপ্তর সম্পাদক সেবীকা রানী উপস্থিত ছিলেন।