সদরঘাটে 'গ্রেট ওয়াল' মার্কেটের আগুন নিভেছে
দেড় ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় রাজধানীর সদরঘাটে 'গ্রেট ওয়াল’ মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, ছয়টি ইউনিটের চেষ্টায় শুক্রবার রাত ৯টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে।
তিনি জানান, রাত ৮টার দিকে সেখানে আগুন লাগে, এর সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ওই মার্কেটে প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকান আছে। স্থানীয়রা জানিয়েছেন, এটা ওই এলাকার সবচেয়ে বড় মার্কেট। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্রাপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, “আগুন লাগার পর অন্যান্য তলার মানুষ নিরাপদে নেমেছে। যেহেতু আগুন পুরোপুরি নিভেছে, তাই শেষ তল্লাশির পর হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থলে পুলিশের তিনটি টিম রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
