২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় ঢাকায় দুধ, ডিম ও মাংস বেচবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়

রমজান মাস উপলক্ষে রোববার থেকে রাজধানীতে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 08:58 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের জন্য রাজধানী ঢাকার ১০টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় ব্যবস্থা চালু থাকবে। ২৮ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

ইফতেখার জানান, প্রাথমিকভাবে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, জাপান গার্ডন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী ও যাত্রাবাড়ীতে ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু করা হবে।

“প্রতিটি ভ্রাম্যমাণ গাড়িতে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২০০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।”

রোববার সকালে রাজধানীর কৃষি খামার সড়কের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম

রেজাউল করিম এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।