‘আড়াল নয়, প্রকাশ্যে আনতে হবে সেই শিশুদের’
সাত বছরের শিশু সবুজ আরও ছোট বেলা থেকেই অন্যদের মতো আচরণে বা কাজে কিছুটা ‘অন্যরকম’ ছিল। আগে থেকে তা কিছুটা টের পেলেও তাকে চিকিৎসকের কাছে নিয়ে আসতেই সাত বছর পেরিয়ে যায় বাবা-মায়ের।
সবুজ যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, স্বাভাবিক বাচ্চাদের চেয়ে আলাদা সেটি তবুও বিলম্বে হলেও জানতে পারে বাবা-মা; নিয়ে আসে চিকিৎসকের কাছে। তবে এমনও অনেক শিশু আছে যাদের বিষয়টি আড়ালে রাখতে চায় পরিবার।
মূলত এ কারণেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আরও পিছিয়ে থাকে, সেবা বঞ্চিত হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক অধ্যাপক ডা. বাসনা মুহুরী; যিনি সবুজের পিতা-মাতার পরিচয় জানাতে চাননি।
অভিভাবকদের বুঝতে না পারা, অসচেতনতা, অবহেলা কিংবা লোকলজ্জার কারণে এমন শিশুদের আড়ালে রাখার প্রবণতা দেশে অনেক দিন ধরেই চলছে। এতে তাদের প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হয় এবং মূল স্রোতে আনতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া যায় না বলে মনে করছেন ডা. বাসনাসহ এমন শিশুদের নিয়ে কাজ করা সরকারি কর্মকর্তারা।
চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ১৮৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সরকারি তালিকাভুক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে ধারণা সংশ্লিষ্টদের।
অধ্যাপক বাসনা মুহুরী দীর্ঘদিন থেকে কাজ করছেন বিশেষ শিশুদের নিয়ে। তিনি নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের সভাপতিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শনাক্তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চলমান জরিপে দেশে এখন পর্যন্ত ৬৬ হাজার জনকে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রামে এ সংখ্যা ১৪ হাজারের কিছু বেশি।
বছর খানেক আগে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেশের শহরাঞ্চলে হাজারে তিন জন এবং গ্রামাঞ্চলে হাজারে দশমিক আট জন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান এই অটিজম বিশেষজ্ঞ।
দীর্ঘদিন ধরে অটিজম শিশুদের সেবাদানকারী এ চিকিৎসক বলেন, “চট্টগ্রামে ও দেশে এখন পর্যন্ত যত শিশু তালিকাভুক্ত হয়েছে প্রকৃত সংখ্যা তার থেকে চার-পাঁচগুণ বেশি হবে। সমাজ, প্রতিষ্ঠান ও পরিপার্শ্ব বিষয়টি মেনে নিতে পারে না এবং পদে পদে বাধা হয়ে দাঁড়ায়। একারণে বাবা-মা এবং পরিবারের সদস্যরা শিশুর অটিজম থাকার বিষয়টি আড়ালে রাখতে চায়।
“এভাবে আড়াল রাখা বরং ক্ষতির কারণ হয়। কেননা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন বিশেষ সেবা এবং প্রতিভা বিকাশের সুযোগ। আড়ালে থাকলে এর কোনোটাই পাওয়া সম্ভব না।”
চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সদ্য বদলি হওয়া উপ পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা নিবন্ধনের বাইরে থাকার সবচেয়ে বড় কারণ বাবা-মা-ভাইবোনরা জানাতে চায় না যে পরিবারের একজন এরকম সদস্য আছে। গ্রামেগঞ্জে এমন অনেকে আছে। শহরেও আছে।”
প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে জানিয়ে তিনি বলেন, “অনেকে জানেন না যে অনলাইনে এটা নিবন্ধন করা যায়। যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে ভর্তি করাতে যান তখন তারা জানতে পারেন যে নিবন্ধন কার্ড লাগে। সেসময় নিবন্ধনের জন্য আসেন।
“নিবন্ধন কার্যক্রম চলমান। যখনই কেউ আসেন আমরা অনলাইনে নিবন্ধন করে দিই।”
ওদের আনতে হবে প্রকাশ্যে
একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পিতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদীপ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার শিশুর বিষয়টি যখন প্রথম জানতে পারি তখন আমি লেখাপড়ার জন্য দেশের বাইরে ছিলাম।
“দেশে ফিরে চিকিৎসকের কাছে যাই। এরপর পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি। শুরুতে আমাদেরও কষ্ট হয়েছে। কিন্তু যত কষ্টই হোক, ঘরে বসে থাকলে হবে না। তাদের নিয়ে ঘর থেকে বের হতে হবে। এমন শিশুদের বয়স যত বাড়তে থাকে তত বেশি নজর দিতে হবে।”
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ যোগ্যতা আছে উল্লেখ করে তিনি বলেন, তারা প্রত্যেকে কোনো না কোনো বিশেষ কাজে পারদর্শী। একারণেই তারা বিশেষ। সেই প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে।
“তাদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে হলে তাদেরকে মূলধারায় সম্পৃক্ত করায় প্রয়োজনীয় শিক্ষাসহ সব ব্যবস্থা করতে হবে।”
“তবে সমাজকে বিষয়টি জানতে হবে ও বুঝতে হবে। একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যে অন্যদের মত আচরণ করবে না সেটা গ্রহণ করতে হবে। তাহলে পরিবারের সদস্যরা বিষয়টি স্বীকার করবেন এবং এধরনের শিশুদের বাইরে আনবেন।”
স্কুল ও থেরাপিস্ট স্বল্পতা
চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনাকারী নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে নিবন্ধিত ৭টিসহ মোট ১৪টি বিশেষায়িত স্কুল পরিচালিত হয়।
“করোনাভাইরাসের আগে আমাদের বিদ্যালয়ে যে ১২০ জনের মত শিক্ষার্থী ছিল পরে তারা আর ফেরেনি। এখন যারা আছে তারা সবাই নতুন। আগের শিক্ষার্থীরা এভাবে হারিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের ১৮ জন শিশু মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত হয়ে গেছে।”
এ বিষয়ে ডা. বাসনা বলেন, “৭টি নিবন্ধিত স্কুলে মোট ৫০০ জনের মত শিক্ষার সুযোগ পায়। বাকিসব মিলিয়ে মোট আটশ থেকে এক হাজার শিশু সুযোগ পায়। নিবন্ধিত শিশুর হিসাব ধরলেও এ সুযোগ অত্যন্ত অপ্রতুল।
“তাদের জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা বা ইনডিভিজুয়াল এডুকেশন প্ল্যান (আইইপি)। এ পদ্ধতিতে ১:১ বা ১:২ ব্যবস্থায় তাদের প্রশিক্ষিত করতে হয়। এজন্য প্রশিক্ষিত থেরাপিস্ট ও শিক্ষক প্রয়োজন। চট্টগ্রামে সব মিলিয়ে থেরাপিস্ট আছেন ৫০ জন, যা চাহিদার তুলনায় অনেক কম।”
এমন পরিস্থিতি থেকে উত্তরণে সরকারি-বেসরকারি হাসপাতালে শিশু মনোবিকাশ কেন্দ্র চালু করে অটিজম শনাক্ত করা, অটিজম স্কুলের পেশাদার কর্মী ও শিক্ষকদের এমপিওভুক্তির ঘোষণা, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের অটিজম বিষয়ে প্রশিক্ষণ চালুর তাগিদ দেন তিনি।
