২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্ক, মাঠে শিশুদের জন্য থাকবে বিনোদন ব্যবস্থা: মেয়র আতিক

রাজধানীর পার্ক ও খেলার মাঠে শিশুদের বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 08:01 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

শুক্রবার বাংলাদেশ ও ইতালির মধ্যে বন্ধুত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে ইতালির দূতাবাস আয়োজিত ‘ভিনটেজ কার অ্যান্ড বাইক শো’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিশুদেরকে ভালোবাসতে হবে। শিশুদেরকে সময় দিতে হবে।

“তাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে হবে। এজন্য পার্ক, খেলার মাঠ ও বিনোদন স্থানগুলোতে শিশুদের জন্য আলাদা কর্নারসহ তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে ডিএনসিসি। পার্কগুলোতে শিশুদের বিভিন্ন খেলার সামগ্রী সরবরাহ করা হবে।”

রাজধানীবাসীর উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করতে হবে।

“মোবাইল ফোনে এবং কম্পিউটারে সময় ব্যয় না করে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় বিভিন্ন উৎসব ও মেলার আয়োজন করতে হবে। এর ফলে সমাজে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “ইতালি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ইতালি দূতাবাসের আয়োজনে এ 'ভিনটেজ কার ও বাইক শো' দুদেশের সুসম্পর্ককে আরও বেশি সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে ঢাকায় ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা এবং স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনার শীর্ষস্থানীয় নীতি নির্ধারক এবং স্কয়ার টয়েলেট্রিজের এমডি ও সিইও অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন।