প্রতিবন্ধী ভাতা ২ হাজার টাকা করার দাবি
প্রতিবন্ধীদের ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার দাবি জানিয়েছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন।
শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে প্রতিবন্ধী ভাতা বাড়ানোসহ ৭ দাবি তুলে ধরেন এসব সংগঠনের নেতারা।
বাংলাদেশ সোসাইটি পর দ্য চেইঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), ডিজেবল চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) ও প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনসহ (ডাব্লিউডিডিএফ) প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবীরা মানববন্ধনে অংশ নেন।
বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে ২০২০ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ১ হাজার ৫০০ টাকা হওয়ার কথা থাকলেও তা ৭৫০ টাকায় আটকে আছে।
“বার বার বাজেটে প্রতিবন্ধী মানুষের উন্নয়নে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ রাখার কথা বলা হলেও সরকার তা গ্রাহ্য করছে না। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইনের কর্মপরিকল্পনা অনুযায়ী বাজেটে কোনো বরাদ্দ নেই।”
দাবিগুলো হল-
>> ২০২২-২৩ অর্থবছরের বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম ২ হাজার টাকা করতে হবে।
>> জাতীয় বাজেটেই শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও ভাতা উভয়ই নিশ্চিত করতে হবে।
>> অবিলম্বে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত’ প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন করতে হবে।
>> আসছে বাজেটেই বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধীদের নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়ম সংশোধন করে আনুপাতিক প্রতিবন্ধী কর্মী নিয়োগ ও কর ছাড়ের বিধান করতে হবে।
>> সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধীদের জন্য তথ্য থাকতে হবে।
>> অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর করতে হবে।
>> প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ দিতে হবে।
ডিসিএফ এর নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, মহামারীকালে চাকরি চলে যাওয়া, চাকরির বাজারে প্রতিবন্ধী মানুষের সুযোগ আরও কমে যাওয়া, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি মিলিয়ে প্রতিবন্ধী মানুষের নাভিশ্বাস উঠেছে।
ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, কুড়িগ্রাম, রাজশাহী, কুমিল্লা, রাজবাড়িসহ আরও অন্যান্য জেলায় একই দাবিতে মানববন্ধন হয়েছে বলে ডাব্লিউডিডিএফ নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার মিষ্টি জানান।
প্রতিবন্ধীদের ক্ষেত্রে শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ভাতা উভয়ই দাবি করে তিনি বলেন, “দুইটি ভাতার একটি জীবনধারনের জন্য, অন্যটি জ্ঞান অর্জনের জন্য দেওয়া হয়ে থাকে। তা ছাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর বিভিন্ন সহায়ক উপকরণ, ব্যক্তিগত যানবাহন, ব্যক্তিগত সহায়তাকারী, বিশেষ শিক্ষা উপকরণ, শ্রুতিলেখক, নিয়মিত ওষুধ, থেরাপি নেওয়া ও বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়।”
