২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ অনুশীলন সমাপ্ত

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে ‘অনুশীলন টাইগার লাইটনিং-৩’ শেষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 01:27 AM

Updated : 25 Oct 2022, 10:21 AM

বৃহস্পতিবার  রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ অনুশীলনের সমাপনী অনুষ্ঠান হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুশীলনের সফল সমাপ্তি ঘোষণা করেন।

সমাপনী অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন হেলেন জি লাফেভ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল রেজিনাল্ড জি এ নিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আইএনপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বন্ধুপ্রতীম এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করা ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য।”

অনুশীলনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সমসাময়িক চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কৌশল নির্ধারণে অংশগ্রহণকারীদের পারদর্শী করে তুলতে ‘বাস্তবধর্মী’ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Image
ছবি-আইএসপিআর

ছবি-আইএসপিআর

সমাপনী বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন বলেন, “বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করণেও বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে আসছে।”

‘অনুশীলন টাইগার লাইটনিং’ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইএসপিআর জানায়, অনুশীলন টাইগার লাইটনিং-৩ (২০২২) ৬ মার্চ শুরু হয়েছিল। সেনাসদর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বিপসট কর্তৃক এই অনুশীলনটি আয়োজন করা হয়। অনুশীলনে মার্কিন প্যাসিফিক আর্মি কমান্ডের ৩৪ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৮২ জন সেনাসদস্যসহ মোট ১১৬ জন অংশ নেন।

২০১৭ ও ২০২১ সালে টাইগার লাইটনিং ১ ও ২ যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশে ‘টাইগার লাইটনিং’ অনুষ্ঠিত হয়।