২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারকে বাণিজ্য সুবিধা: ইইউ দূতের সাফাই, জবাব বিশ্লেষকের

রোহিঙ্গা গণহত্যার পর দায়ী মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে দেশটির ক্ষমতাও দখল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 12:50 AM

Updated : 25 Oct 2022, 10:21 AM

তারপরও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি বহাল রাখার পেছনে সাধারণ মানুষের ক্ষতির বিষয়কে কারণ হিসাবে দেখালেন ইউরোপীয় জোটের ইন্দো-প্যাসিফিক বিষয়ক বিশেষ দূত গ্যাব্রিয়েল ভিসেন্তিন।

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এই যুক্তি দেওয়ার পর তাতে ভিন্নমত প্রকাশ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, মানবাধিকারের বিষয়টি বাণিজ্যিক স্বার্থের উপরেই থাকা উচিৎ।

ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে বক্তৃতার পর প্রশ্নোত্তর পর্বে ভিসেন্তিন বলেন, আলাপ-আলোচনা ও কিছু শর্তপূরণের পর সামরিক অভ্যুত্থানের আগে মিয়ানমারকে অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়া হয়েছিল।

“তবে এখন সেই সম্পর্ক ছিন্নের বিষয় যখন আসে, তখন আমরা পর্যালোচনা করে দেখেছি, এটা সামরিক জান্তার তুলনায় সাধারণ মানুষ, শ্রমিক, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের বেশি ক্ষতিগ্রস্ত করবে। সাধারণ মানুষ, শ্রমিক ও অগ্রাধিকারমূলক বাণিজ্যের ক্ষেত্রে জড়িত ব্যক্তিদের সুবিধার কথা বিবেচনায় আর এই সম্পর্ক ছিন্ন করিনি।”

সামরিক জান্তার সাথে আলোচনার দরজা খোলার রাখাকেও অগ্রাধিকারমূলক সুবিধা বহাল রাখার কারণ হিসাবে দেখিয়ে তিনি বলেন, সবকিছুর উপরে, এই অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা আমাদের মধ্যে সরাসরি আলোচনার সুযোগ রেখেছে। আলোচনা করে দ্বন্দ্ব নিরসন করে সবসময়ই ভালো।

“এ কারণে আমরা অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা রাখছি। এটা রাখা হচ্ছে মিয়ানমারের মানুষের উপকারের জন্য।”

অনুষ্ঠানে ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইউরোপীয় ইউনিয়ন: স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তির জন্য প্রতিশ্রুতিশীল অংশীদার’ শীর্ষক বক্তৃতার পর প্রশ্নোত্তর পর্ব হয়।

ভিসেন্তিনের পরে দর্শকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ইউরোপীয় বিশেষ দূতের বক্তব্যের ওপর নিজের প্রতিক্রিয়া জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের এই পরিচালক বলেন, “যেখানে আপনারা নিষেধাজ্ঞা দেন না কেন, সব জায়গায় সাধারণ মানুষের ক্ষতি হয়। এটা ইরান, কিউবা বা উত্তর কোরিয়া, এমনকি রাশিয়ার ক্ষেত্রেও একই রকম। সেখানেও সাধারণ মানুষ আছে।

“আপনারা ২০২০ সালে যখন কম্বোডিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তখন সেখানকার জনগণ কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে।”

ইতালীয় দুই গবেষকের একটি লেখার সূত্র ধরে ইমতিয়াজ বলেন,“তারা লিখেছেন, ‘কোনো দেশের সরকারের মানবাধিকার লংঘনের বিতর্কহীন ও বিস্তৃত গবেষণার উপর ভিত্তি করে সর্বশেষ ব্যবস্থা হিসাবে জিএসপি প্রত্যাহার করা উচিৎ’।

“আপনি যদি মিয়ানমারে গণহত্যা আর ১১ লাখ মানুষকে বিতাড়িত করাকে মানবাধিকার লংঘন হিসাবে না দেখেন, তাহলে মানবাধিকার লংঘন কোনটা?”

অধ্যাপক ইমতিয়াজ ইইউর উদ্দেশে বলেন, “অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ থেকে রোহিঙ্গা ইস্যুকে আলাদা করুন। আমি ভারত ও জাপানি প্রতিনিধির সাথেও কথা বলেছি। যদি দুটোকে আলাদা করা যায়… আমি বুঝতে পারি, তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক বেশি স্বার্থ রয়েছে।”

সামরিক জান্তার শাসনের মধ্যেও গত এক বছরে মিয়ানমারে পশ্চিমা বিনিয়োগ ১৭ শতাংশ বাড়ার তথ্য তুলে ধরেন তিনি।

“রাশিয়ার উপর যে হারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এর অর্ধেকও যদি মিয়ানমারের ওপর দেওয়া হত, তাহলে পরিস্থিতি পাল্টে যেত,” বলেন তিনি।

ইন্দো-প্যাসিফিক প্রসঙ্গে

অনুষ্ঠানে ইইউ’র বিশেষ দূত ভিসেন্তিন বলেন, ইউরোপীয় ইউনিয়নের ইন্দো-প্যাসিফিক নীতি চীনসহ সব দেশের জন্য উন্মুক্ত। এখানে যে কেউ চাইলে অংশগ্রহণ করতে পারে। এখানে সরাসরি অংশগ্রহণের দিক রয়েছে, আবার সরাসরি অংশগ্রহণ না করে অ্যাডহক ভিত্তিতে এর কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে।

তিনি বলেন, “আমরা যদি ইইউ’র কৌশলের গঠন প্রক্রিয়া দেখি, তাহলে বুঝতে পারব এটা উন্মুক্ত, এটা বিরোধের নিরিখে নয় এবং সহযোগিতার ক্ষেত্র তৈরি করার জন্য। এটা চীনের জন্যও এর দরজা খোলা।”

এই প্রসঙ্গে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন ইস্যুতে আমরা চীনকে ছাড়া বেশি কিছু করতে পারব না। কয়লার ব্যবহার কমানোর উদ্যোগে এটা দেখা গেছে।”

ইইউর সঙ্গে চীনের সম্পর্কের ব্যাখ্যায় তিনি বলেন, “প্রতিযোগিতা সবসময় খারাপ না। আমরা অর্থনৈতিক প্রতিযোগী হিসাবে চীনকে ভয় পাই না, যতক্ষণ পর্যন্ত খেলার নিয়মকে শ্রদ্ধা করা হয়।”

মানবাধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে চীনের বিরুদ্ধে ইইউ অবস্থান নিয়ে থাকে জানিয়ে ভিসেন্তিন বলেন, “হংকং ইস্যুতে আমরা তাদের কিছু প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছি। এর পাল্টায় আমাদের পার্লামেন্ট সদস্যদের উপর এবং কিছু সদস্য দেশের রাষ্ট্রদূতদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে।”

বাংলাদেশও ইউরোপীয় ইউনিয়নের ইন্দো-প্যাসিফিক কৌশলের কার্যক্রম থেকে লাভবান হতে পারে বলে উল্লেখ করেন ভিসেন্তিন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক ফাইয়াজ মুর্শিদ কাজী বলেন, “ভৌগোলিক কারণে আমরা স্বাভাবিকভাবেই আমরা ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ। এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে, আমরা কোন প্রক্রিয়ায় এর সাথে সম্পৃক্ত হতে পারব, সেটা নিয়ে কাজ করার আছে।”

বিরোধে না অর্থনৈতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের ঝোঁক থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সাথে যেমন আছি, তেমনি জাপানের বিগ-বি উদ্যোগের সাথেও আছি। আর ইন্দো-প্যাসিফিক কৌশল এখনকার আলোচনায় বেশ নজর কাড়ছে।”

বিআইআইএসএসের চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধে্য ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি বক্তব্য দেন।