মার্চের সড়কে প্রতিদিন গড়ে ১১ মৃত্যু: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
মার্চ মাসে দেশে ২৪৮টি সড়ক দুর্ঘটনায় ৩৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৫৭৯ জন আহত হয়েছেন বলে তথ্য এসেছে বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এক প্রতিবেদনে।
দেশের ১২টি দৈনিক পত্রিকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদন বলা হয়েছে, এসব দুর্ঘটনার মধ্যে প্রধান সড়কগুলোতে ৪২টি বাস দুর্ঘটনায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোটরসাইকেল, অটোরিকশাসহ অন্যান্য গণপরিবহন দুর্ঘটনায় ২৭৭ জনের প্রাণ গেছে।
এই হিসাবে মার্চ মাসে প্রতিদিন গড়ে ১১ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এমএসএফ বলছে, সড়কে ‘বিরাজমান নৈরাজ্য, অনিয়ম-দুর্নীতিসহ’ জীবনের জন্য হুমকি নিরসনে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনের ‘যথাযথ প্রয়োগ’ নিশ্চিত করা জরুরি।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সংকলিত তথ্যে দেখা যাচ্ছে, মার্চ মাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশি হেফাজতে নির্যাতনের পর ২ জনের কারাগারে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনা তদন্তে এসে ‘নির্যাতন করলে’ ভয়ে পালানো অভিযুক্তকে মৃত অবস্থায় ডোবা থেকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। একটি থানার ভেতরে অন্তঃসত্ত্বার ‘পেটে লাথি মেরে’ গর্ভপাত ঘটানোর অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। দাবি করা টাকা দিতে না পারায় থানায় দুই ব্যক্তিকে ‘নির্যাতন’, হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ব্রাদারকে মারধর করা এবং অন্য একটি ঘটনায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
এমএসএফ বলছে, “আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এবং পরবর্তীতে কারা হেফাজতে মৃত্যুর বিষয়গুলো অত্যন্ত গুরুতর ও অগ্রহণযোগ্য ঘটনা। ঘটনাগুলোর তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আবশ্যক।”
মার্চ মাসে কারা হেফাজতে দশ জনের মৃত্যু হয়েছে বলে তাদের প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জন কয়েদি (সাজাপ্রাপ্ত) এবং এক বিদেশি নারীসহ ৪ জন হাজতি (বিচারাধীন মামলায় বন্দি) রয়েছে।
কারাগারের ভেতরে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি হেফাজতে মৃত্যুর ‘সঠিক তদন্ত’ করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ২ জন, ভারতীয় নাগরিকদের পিটুনিতে নিহত হয়েছেন ১ জন বাংলাদেশি।
এমএসএফ এর হিসাব অনুযায়ী, এ মাসে অন্তত ৩৯৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে দেশে। যার মধ্যে ধর্ষণের ঘটনা ৬৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৩টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। ধর্ষণের শিকার ৬৯ জনের মধ্যে ৫৩ জন শিশু ও কিশোরী রয়েছে। এ সময়ে ৩৬ জন শিশু ও কিশোরীসহ মোট ৯৬ জন নারী আত্মহত্যা করেছেন, যা গত মাসের তুলনায় ২৯ জন বেশি।
মার্চে ১৩ জন মৃত ও তিনজন জীবিতসহ মোট ১৬ জন নবজাত শিশুকে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ শিশুদেরকে কী কারণে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, সংশ্লিস্ট কর্তৃপক্ষ তা নিরূপণের ‘চেষ্টা করছে না’ বলে মনে করছে এমএসএফ।
প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের ছয়টি মামলায় ২ জন আইনজীবী, একজন সাংবাদিক, একজন বিরোধী দলীয় নেতার ভাই এবং একজন প্রবাসীসহ মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।
