জাটকা নিধন বন্ধ না হলে ইলিশ থাকবে না: মৎস্যমন্ত্রী
জাটকা নিধন বন্ধ না হলে একসময় ইলিশ থাকবে না মন্তব্য করে অবৈধ জাল তৈরি ও ব্যবহারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বাচ্চা ইলিশ ধরার বিষয়ে সতর্ক করেন।
মৎস্যমন্ত্রী বলেন, “আইনলঙ্ঘনের এখতিয়ার কাউকে দেওয়া হবে না। মাঝে-মধ্যে কিছু দুর্বৃত্ত দরিদ্র মৎস্যজীবীদের ব্যবহার করে নিষিদ্ধ সময়ে তাদের জাটকা আহরণে সম্পৃক্ত করে।
“জাটকা আহরণের নেপথ্যে থাকা ব্যক্তি যারা অবৈধজাল তৈরি ও ব্যবহার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বরফ কল বন্ধ রাখতে হবে, যাতে দুষ্টু লোকরা জাটকা আহরণ করে সেটা সংরক্ষণ করতে না পারে।
বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে জানিয়ে রেজাউল করিম বলেন, “যেখানে যে জাটকা নিয়ে আসবে, তাকে আইনের মুখোমুখি হতে হবে। ইলিশ সম্পদ নষ্ট করার সুযোগ কোনোভাবেই কোনো দুর্বৃত্তকে দেওয়া যাবে না।”
ফাইল ছবি
তিনি বলেন, “জাটকা নিধন বন্ধ করতে না পারলে একসময় ইলিশ আর থাকবে না। আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে হবে এই আকৃতির, এই রঙের, এই স্বাদের একটা মাছ ছিল, যে মাছের নাম ইলিশ। আমরা নিশ্চয়ই সেটা হতে দিতে পারি না।
“…আমাদের লক্ষ্য মৎস্যজীবীরাই ইলিশ মাছ ধরুক, মানুষ মাছ খাওয়ার সুযোগ পাক। কিন্তু সেটা যেন ইলিশ মাছ পরিপক্ক অবস্থায় আসার পর হয়।”
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এ ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের মৎস্যসম্পদ সমৃদ্ধ করতে হবে। জনপ্রতিনিধি, মৎস্যজীবী এবং মৎস্য খাতে যারা বিভিন্নভাবে কাজ করেন, তাদের সম্মিলিত প্রচেষ্টা এক্ষেত্রে অনিবার্য। শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের পক্ষে এটা সম্ভব নয়।”
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় অনুষ্ঠানে বক্তব্য দেন।
