লিবিয়ায় ‘ছবি তোলায়’ আটক হন সাংবাদিক জাহিদ, এখন মুক্ত
আট দিন পর লিবিয়ার নিরাপত্তা বাহিনীর হেফাজত থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান।
তার সঙ্গে আটক প্রকৌশলী সাইফুল ইসলামও ছাড়া পেয়েছেন।
বিনা অনুমতিতে ছবি তোলায় তাদের লিবিয়ার নিরাপত্তা বাহিনী তাদের আটক করেছিল বলে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে এক বার্তায় মন্ত্রণালয় জানায়, সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে।
“আশা করা যায়, দুয়েক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।”
ঢাকার পাশেই সাভারের বাসিন্দা জাহিদুর রহমান বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি। এছাড়া তিনি একাধিক দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সঙ্গেও যুক্ত রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, গত ৩ মার্চ ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গিয়েছিলেন জাহিদুর। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিবেদন করেন, ফেইসবুকেও পোস্ট দেন। গত ২১ মার্চ তিনি লিবিয়ার রাজধানী ত্রিপলিতে পৌঁছান।
গত রোববার রাতে জাহিদুরের স্ত্রী তাসলিমা রহমান জানান, হঠাৎ করে তার স্বামীর খোঁজ মিরছে না। ২৩ মার্চ দুপুরে যোগাযোগ করে তিনি জানতে পারেন, তার সঙ্গে ‘অস্বাভাবিক কিছু ঘটেছে’।
জাহিদ ও সাইফুল ওই দিন লিবিয়ান গাড়িচালকসহ নিখোঁজ হওয়ার কথা রোববার জানিয়েছিলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম-উজ-জামান। পরদিন সোমবার তিনি বলেন, দুই বাংলাদেশি লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, “উক্ত সাংবাদিক লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন।
“লিবিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।”
আরও পড়ুন:
