রোজায় স্থায়ী কেন্দ্রে চলবে টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী
দেশে গণটিকাদান কর্মসূচি আরও তিনদিন বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন রোজার মাসেও স্থায়ী কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রোজার মধ্যেও আমাদের টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে না। আমাদের যে ফিক্সড কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে লোকজন টিকা নিতে পারবেন।”
গত ২৬ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়ে পরবর্তী তিনদিন পর্যন্ত চলে। যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় গত সোমবার থেকে, বৃহস্পতিবার তা শেষ হওয়ার কথা।
এ কার্যক্রমের সময় বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের যে লক্ষ্য তা পূরণ করতে আরও কিছু বাকি আছে। গণটিকার কার্যক্রম যা চলছে তা আরও তিনদিন বৃদ্ধি করতে চাই। যাতে যারা এখনও টিকা নেয় নাই তারা যেন নিতে পারে।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ কোটির বেশি। জনসংখ্যার ১২ বছরের বেশি বয়সী মানুষের ৯৬ শতাংশকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
“এটা একটা বিরাট কাজ। আমাদের স্টকে এখনও পাঁচ কোটি, পাইপলাইনে আরও ছয় কোটি ডোজ টিকা আছে। টিকা নিয়ে কোনো সমস্যা হবে না। টিকা নিলে দেশের মানুষ উপকৃত হবে।”
ফাইল ছবি
‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে জাহিদ মালেক দেশে টিকা কর্মসূচির বিভিন্ন তথ্য তুলে ধরেন। মোট ১০ ক্যাটাগরিতে ৪৭টি পুরস্কার দেওয়া হয়।
এবছর সেরা ১০টি উপজেলা হাসপাতাল, পাঁচটি জেলা হাসপাতাল, তিনটি মেডিকেল কলেজ, দুটি বিশেষায়িত পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই পুরস্কার পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম. আবদুল আজিজ, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বর্ধন জং রানা।
আরও পড়ুন:
