জবিতে ঈদের ছুটি শুরু ২৫ এপ্রিল
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে আগামী ২৫ এপ্রিল থেকে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে ৭ মে। পরদিন ৮ মে থেকে ক্লাস শুরু হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সে সময় বন্ধ থাকবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রাধ্যক্ষ শামীমা বেগম।
করোনাভাইরাস মহামারীর সময়ের ‘ক্ষতি’ পুষিয়ে নিতে রোজায় ছুটি কমিয়ে ২৪ এপ্রিল পর্যন্ত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, “গ্যাপটা পূরণ করতে...যখন ছুটির ক্যালেন্ডার করা হয়, তখনই এ সিদ্ধান্ত (ক্লাস চালুর) নেওয়া হয়েছে। যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয়, তবে এই সিদ্ধান্তই থাকবে।”
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সরকারি সিদ্ধান্তে গত ২২ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হয়।
