২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্য নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা চায় ইউজিসি

বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 06:56 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

বুধবার ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার’ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর ইউজিসির এই অবস্থান তুলে ধরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আলমগীর বলেন, “বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের কোনো স্পষ্ট নীতিমালা নেই। কীভাবে একজন উপাচার্য হবেন, সেই প্রক্রিয়াটিও স্বচ্ছ নয়।”

স্পষ্ট নীতিমালার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলে উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক বন্ধ হবে বলে মত দেন তিনি।

অধ্যাপক আলমগীর বলেন, “ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনসহ উচ্চশিক্ষার সার্বিক বিষয় দেখভালের দায়িত্ব পালন করে থাকে। অথচ উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় ইউজিসির কোন ধরনের মতামত দেওয়ার সুযোগ নেই। সরকার এ বিষয়ে ইউজিসির মতামত গ্রহণ করতে পারে।”

মঙ্গলবার সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২’ পাসের আলোচনায় দুজন সংসদ সদস্য উপাচার্যদের ‘কর্মকাণ্ড’ নিয়ে সমালোচনা করেন। তাদের একজন ‘দলীয় বিবেচনার বাইরে’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার দাবি জানান। 

পরে শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে বলেন, “আমাদের খুবই বরেণ্য শিক্ষকরা আছেন, যাদের উপাচার্য হিসেবে পেলে গর্ব অনুভব করতাম। কিন্তু তাদের অনেকেই এই প্রশাসনিক দায়িত্ব নিতে আগ্রহী হন না। আমরা চাইলেও সবচাইতে ভালো কেউ আগ্রহী হবেন- তেমন নয়।”

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য যখন প্যানেল প্রস্তুত করে আচর্যের (রাষ্ট্রপতি) কাছে পাঠানো হয়, কিছু বিষয়ের ওপর ভিত্তি করে ওই তালিকা করা হয়।

বরেণ্য শিক্ষাবিদরা ভিসি হতে চান না: শিক্ষামন্ত্রী  

“প্রথম দেখা হয় তাদের অ্যাকাডেমিক একসিলেন্স, দ্বিতীয়ত দেখা হয়, তারা গবেষণা কীরকম করেছেন। একইসঙ্গে তাদের যে প্রতিষ্ঠান, সেখানে নেতৃত্ব দিয়েছেন কি না… সমিতি থাকে, নানা জায়গা থাকে, সেখানে নেতৃত্ব দিয়েছেন কি না।

“উপাচার্য শুধু অ্যাকাডেমিক দিক দেখেন না, নেতৃত্ব দেওয়ার গুণাবলীও জরুরি। একইসঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন কি না সেটাও দেখা হয়। এসব বিবেচনায় যাদের সবচাইতে ভালো মনে করা হয় তাদের নাম প্রস্তাব করা হয়।”

বুধবার ইউজিসির প্রশিক্ষণ কর্মশালায় অধ্যাপক আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপাচার্যরা বিধি-বিধান মেনে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তিনি মনে করেন।

“বিশ্ববিদ্যালয়ে কোনো অভিযোগ উঠলে তা সাথে সাথে প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে না।”

কমিশনের সচিব ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর।

ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আক্তার উননেছা শিউলী ও কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর।