২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের চিংড়ি মহালের ইজারা বাতিলের নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী

পৈতৃকসূত্রে যে চিংড়ি মহাল ইজারা পেয়েছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নীতিগত কারণে তা বাতিল করতে বলেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 05:57 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন-কক্ষে অনুষ্ঠিত জাতীয় চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় ওই ইজারা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

চিংড়ি মহাল ইজারার বিষয়টি ভূমি মন্ত্রণালয়ভুক্ত হওয়ায় এবং তিনি নিজে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় পৈতৃক-সূত্রে ইজারার স্বত্ব-প্রাপ্ত (হস্তান্তরিত) ইজারা বাতিলের এই নির্দেশ দেন সাইফুজ্জামান।

সাইফুজ্জামান চৌধুরীর বাবা শিল্পোদ্যোক্তা আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রামের আনোয়ার সংসদ সদস্য ছিলেন। বাবার মৃত্যুর পর সাইফুজ্জামান ওই আসন থেকে সংসদে নির্বাচিত হয়ে আসছেন।

এক পরিবার থেকে একাধিক ব্যক্তি যেন চিংড়ি মহাল ইজারা না পায়, তা যাচাইয়ের জন্য অটোমেটেড সিস্টেম তৈরি করার নির্দেশও দেন ভূমিমন্ত্রী।

চিংড়ি মহালের রাজস্ব দেওয়ায় হয়রানি রোধে অনলাইন ব্যবস্থাপনা চালুর নির্দেশও দেন তিনি।

মন্ত্রী চিংড়ি মহলের ইজারাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে রাজস্ব জমা প্রদানের সাথে-সাথে ডিসিআর দিয়ে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন।

চিংড়ি মহাল নীতিমালা আধুনিকায়নসহ এনআইডি ছাড়া চিংড়ি মহাল ইজারা না দেওয়ার সিদ্ধান্তও হয়।

সভায় বিভিন্ন জেলার প্রতিবেদনের ভিত্তিতে ৪৪টি চিংড়ি মহালের ইজারার প্রস্তাব উত্থাপন করা হয়।

এর মধ্যে সাতক্ষীরার ১৩৫ একর আয়তনের চিংড়ি মহাল চিংড়ি চাষের অনুপযুক্ত হওয়ায় তা জলমহালে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারা দেশে প্রায় ১ হাজার ৫৯৬টি চিংড়ি মহাল আছে, যা কোটি কোটি টাকার রাজস্ব আয়ের উৎস।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও জাফর আলম । ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান ছাড়াও ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কক্সবাজার ও সাতক্ষীরার জেলার মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চিংড়ি চাষ ও ব্যবসায় যুক্ত ব্যক্তিবর্গসহ বিভিন্ন অংশীজন অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।