এলিট ফোর্স র্যাবের জন্য বিশেষ 'ইনসিগনিয়া'
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সঙ্গে র্যাবের সম্মিলিত কার্যক্রমের স্বীকৃতিতে এ এলিট ফোর্সের সদস্যারা পাচ্ছেন বিশেষ ‘ইনসিগনিয়া’।
এই ব্যাজ বাহিনীর প্রত্যেক সদস্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাকের সঙ্গে পরতে পারবেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয় গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ‘ইনসিগনিয়া’ ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
সোমবার র্যাবের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এ 'ইনসিগনিয়া' পরিয়ে এই বিশেষ ব্যাজের উদ্বোধন করবেন।
র্যাবের বার্তায় বলা হয়, র্যাব ফোর্সেস আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি ‘চৌকস এলিট ফোর্স’। বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যরা এখানে একটি নির্দিষ্ট সময় সেবা দিয়ে নিজ বাহিনীতে ফিরে যান। র্যাবের এই সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র্যাব সদস্যের জন্য এই ইনসিগনিয়া অনুমোদন করেছে সরকার।
এর আগে কোভিড মহামারীতে সম্মুখসারির যোদ্ধা হিসেবে অবদান রাখায় পুলিশ সদস্যরা তাদের কাজের স্বীকৃতিতে বিশেষ ‘করোনা ইনসিগনিয়া' পেয়েছেন।
তবে পুলিশের ওই ব্যাজ ব্যবহার বাধ্যতামূলক নয়। ইনসিগনিয়ার কোথাও পুলিশ কথাটি লেখা হয়নি, বাংলাদেশ পুলিশের লোগোও সেখানে নেই।
