২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডভেঞ্চার-৯ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নোঙ্গর করা অবস্থায় ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 08:30 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (উন্নয়ন) নূর হাসান আহমেদকে প্রধান করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে আছেন সদরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবু সায়েম মাসুম এবং অধিদপ্তরের পরিদর্শক (ওয়্যারহাউজ) দোলন আচার্য।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের অ্যাডজুটেন্ট ইকবাল বাহার বুলবুলকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ১০ কার্য দিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে নোঙ্গর করা অবস্থায় রোববার বেলা পৌনে ১১টার আগুন লেগে পুড়ে যায় বরিশালের লঞ্চ ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ এর একটি অংশ।

অগ্নি নির্বাপক বাহিনীর সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না। এ ঘটনায় কেউ হতাহত হননি।

সদরঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ’র কর্মচারী আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চটি ভোর চারটার দিকে যাত্রী নিয়ে সদরঘাটে পৌঁছায়। যাত্রী নামানোর পর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় আগুন লেগে যায়।

পাশের আরেকটি লঞ্চের কর্মচারী ফারুক বলেন, দোতলার ভিআইপি কেবিনে এসি মেরামতের কাজ চলছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত আগুন লঞ্চের পেছনের অংশে ছড়িয়ে যায়।

“পন্টুনে থাকা অন্য লঞ্চগুলো তখন সরিয়ে নেওয়া হয়। আগুনে লঞ্চের দ্বিতীয় তলার পেছনের অংশ, তৃতীয় তলার অনেকটা এবং ছাদের দুটি কক্ষ পুড়ে গেছে।”

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঞ্চের ডেকোরেশন সব পুড়ে গেছে; আসবাবপত্র, এসি, ফ্রিজ। অন্তত তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে।”