পোস্তগোলায় মার্কেটে অগ্নিকাণ্ড, সবুজবাগে পুড়ল আসবাবের গুদাম
ঢাকার পোস্তগোলা এবং সবুজবাগে অগ্নিকাণ্ডের দুই ঘটনায় পুড়ে গেছে একটি মার্কেট এবং আসবাবের গুদাম।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসাইন জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে পোস্তগোলা আয়রন মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে রোববার ভোর সাড়ে ৪টার দিকে সবুজবাগ থানার দক্ষিণগাঁও বাজারে একটি কাঠ ও ফার্নিচারের গুদামে আগুন লাগে।
অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ জানান।
ওই গুদামের পাশাপাশি কয়েকটি ঘরও আগুনে পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের দুই ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
