২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেকল ভাঙার দিনে নতুন স্বপ্নের বসত

স্বাধীনতার ৫১ বছর পেরিয়েছে বাংলাদেশ, কিন্তু জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার প্রত্যাশা এখনও পূরণ হয়নি।

নিজস্ব প্রতিবেদক

ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 12:54 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর দেখানো পথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, বলছিলেন গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন।

স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে শনিবার ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসেছিলেন অবসরপ্রাপ্ত এই স্কুলশিক্ষক।

সকালে স্মৃতিসৌধে অসংখ্য মানুষের ঢলের অংশ হয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাখাওয়াত; বলেন বাংলাদেশ ঘিরে তার স্বপ্নের কথা।

করোনাভাইরাস মহামারীর কবলে দুই বছর স্বাধীনতা দিবস সেভাবে পালন করতে পারেনি বাংলাদেশ। মহামারী পরিস্থিতির উন্নতিতে এবার ফেরে আগের দৃশ্যপট।

ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের কূটনৈতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য স্মৃতিসৌধে দ্বার খুলে দেওয়া হয়।

শ্রদ্ধা জানানোর সেই মিছিলে নজর কাড়ে বিশাল পতাকা নিয়ে আসা গাজীপুরের এক শিক্ষার্থীদল। মাথায় জাতীয় পতাকা আর মুখে লাল সবুজের উল্কি এঁকে আড়াইশ শিক্ষার্থীর এই দলটি স্মৃতিসৌধে আসে দীর্ঘ একটি জাতীয় পতাকা নিয়ে।

Image
স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাঙালির মুক্তি সংগ্রামে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। ছবি: আসিফ মাহমুদ অভি

স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাঙালির মুক্তি সংগ্রামে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। ছবি: আসিফ মাহমুদ অভি

ইকবাল সিদ্দিকী কলেজ নামে সেই শিক্ষায়তনের প্রভাষক আব্বাস উদ্দিন জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচিত করাতে প্রতি বছরই স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ জাতীয় দিবসে শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিসৌধে আসেন তারা।

এক শিক্ষার্থী লিমা আক্তার বলেন, “২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই চেতনা থেকেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।”

স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হুইলচেয়ারে স্মৃতিসৌধে এসেছিলেন মাগুরার তরুণ কাজী বিল্লাল।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা মনোবল দিয়ে বাংলাদেশের জন্য লড়াই করে দেশকে স্বাধীন করেছেন; বইয়ের পাতায় তাদের বীরত্বগাঁথা পড়ে অনুপ্রাণিত হয়ে তাদের শ্রদ্ধার জানাতে এসেছি।

লিমা, বিল্লালদের মতো হাজার মানুষদের কেউ সদলবলে, কেউ পরিবারে সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে এসেছিল জাতীয় স্মৃতিসৌধে।

পাপ্পুরাজ কারাতে একাডেমি থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন কারাতের প্রশিক্ষণার্থী ‍মুগ্ধ সাহা। ষষ্ঠ শ্রেণির এ শিক্ষার্থী বলেন, “এখানে এসে অনেক ভালো লাগছে। অনেক কিছু দেখছি।শিখতে পারছি।”

একাত্তরে হারানো সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উসমান গণি ফরাজি বলেন, “স্বাধীনতার ৫১ বছর পার করেছি, সবটুকু স্বাদই পেয়েছি, যদিও কিছুটা আক্ষেপ রয়ে গেছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সবকিছুই দিয়েছে; এমন কোনও সুবিধা নাই যেটা আমি পাইনি। যুদ্ধাহত হওয়ায় ঢাকায় আমাকে ফ্ল্যাট দিয়েছে, ভাতা পাচ্ছি।”

আক্ষেপ কী- প্রশ্নে তিনি বলেন, “ভুয়া মুক্তিযোদ্ধা অনেক বেড়ে গেছে। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ জরুরি। আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, পায়ে গুলি খেয়েছি। আর এখন যুদ্ধ না করেই মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে, এটা খুবই কষ্টের।

“স্বাধীনতার পর একটা সুন্দর দেশ দেখতে চেয়েছিলাম। কিন্তু দুর্নীতি সেখানে বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে এই সমস্যা সমাধানে নির্দেশনা থাকলেও সেটা মানা হচ্ছে না। এই ব্যাপারটার সমাধানও জরুরি হয়ে পড়েছে।”

‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আর ‘দুর্নীতি’ বন্ধ করতে পারলেই স্বাধীনতার সবটুকু স্বাদ পাবেন বলে মনে করেন তিনি। সরকার এই দুটি সমস্যা সমাধান করতে পারবে বলেও আশাবাদী তিনি।

Image
স্বাধীনতা দিবসে শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ছবি: আসিফ মাহমুদ অভি

স্বাধীনতা দিবসে শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ছবি: আসিফ মাহমুদ অভি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম বলেন, “যে দেশ দেখতে চেয়েছিলাম, সে দেশ আমরা পাইনি। স্বাধীনতার ৫১ বছরে আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছি তা ‘অপ্রত্যাশিত’। দেশে এখনও শ্রেণি বৈষম্য, দল বৈষম্য বিদ্যমান।

“৯৫ ভাগ মানুষ আছে এক শ্রেণিতে, আর বাকি শ্রেণিতে আছে ৫ ভাগ। প্রথম শ্রেণির লোকজনের খাওয়ার, থাকার, চিকিৎসার ব্যবস্থা একরকম, বাকি পাঁচ ভাগের অন্যরকম। এই বৈষম্য ৫১ বছরেও সমাধান হয়নি।”

এই বৈষম্যের জন্য ‘লুটেরা আমলা’ আর ‘লুটেরা রাজনীতিবিদ’দের দায়ী করে তিনি বলেন, “সরকার বদল হয়েছে, কিন্তু নীতির বদল হয়নি। নীতি ও ব্যবস্থার বদল হলেই কেবল বৈষম্য দূর হবে।”

এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শাহ আলম বলেন, “তরুণ প্রজন্ম চাইলেই এই সমস্যার সমাধান করতে পারে। তরুণ প্রজন্মের ভবিষ্যত গড়ার লড়াই এর মধ্যে নিহিত।”

Image
শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, “আমি মনে করি, বাংলাদেশ যেভাবে এগোচ্ছে সেভাবে এগিয়ে নিতে সামনের বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ করতে হবে।

“সেটার জন্য কঠোরভাবে দুর্নীতির সমস্যা ও দলবাজির সমস্যা, বৈষম্য ও দারিদ্রের সমস্যা মোকাবেলা করতে হবে। সেই জন্য আমি মনে করি, বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাতান্ত্রিক অর্থনীতির পথই অনুসরণ করা দরকার। সুশাসনের পথ অনুসরণ করা দরকার।”

আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয় স্মৃতিসৌধে।

যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেন, “জাতির দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধপরাধীদের বিচার হচ্ছে। বিচার চলমান থাকবে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনার নেতৃত্বে সকল যুদ্ধাপরাধীর বিচার হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কর্মকর্তারা এসেছিলেন স্মৃতিসৌধে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করা সম্ভব।

“নানা ধরনের বাধা বিপত্তি আছে। তার পরও মহৎ উদ্দেশ থাকলে সেটা অতিক্রম করতে পারে। আগেও করেছে আগামীতেও করবে। বঙ্গবন্ধুর আদর্শ যখন থাকবে, যখন মহান মুক্তিযু্দ্ধের চেতনা ও মূল্যবোধ থাকবে তখন যে কোনও বাধা ও প্রতিকূলতা অতিক্রম করা কঠিন কিছু হবে না।”

মানুষ এখন ভালো আছে?- দ্রব্যমূল্যের ‍ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে এক সাংবাদিকের প্রশ্নে আখতারুজ্জামান বলেন, “একটি দেশের যখন সামগ্রিক উন্নয়ন ঘটে তখন তার ছোঁয়া সবার উপরই পড়ে। সাধারণ ও সব শ্রেণি পেশার মানুষকে মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা গৃহিত হয় তখন জীবনের উপর প্রভাব পড়ে।

“বাংলাদেশে সেটাই ঘটছে। তা সত্ত্বেও এখনও কিছু সুবিধাবঞ্চিত ও অবহেলিত কিছু মানুষ আছে। তাদেরকে উন্নয়ন কর্মকাণ্ডে ও উন্নয়নের সুফল পৌঁছানোর জন্য নানা উদ্যোগ অব্যাহত রাখাসহ যেগুলো জোরদারের বিকল্প নাই।”

স্মৃতিসৌধে শনিবার দিনভর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি, দেশের গান, বাউল গান ও চিত্রকর্মী প্রদর্শনী, অ্যাক্রিবেটিকসহ নানা আয়োজন থাকছে।