গুলিস্তানে বাসের চাপায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
ঢাকার গুলিস্তানে বাসের চাপায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর ৬টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে স্বদেশ পরিবহনের একটি বাসের চাপায় ফারুক নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে পল্টন থানার এসআই মো. মহসিন জানান।
ফারুকের বাসা হাজারীবাগের গনকটুলি সিটি করপোরেশন কোয়ার্টারে। দুই ছেলে ও দুই মেয়ের বাবা ফারুকই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
দুর্ঘটনার পর এক সহকর্মী ফারুককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলেও জানান এসআই মো. মহসিন।
