স্বামীর বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
পুরান ঢাকায় আত্মীয়ের বাসা থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাদামতলী এলাকায় আলেয়া বেগম (৫৫) নামে ওই নারী সড়ক দুর্ঘটনার শিকার হন বলে জানান কোতয়ালী থানার এসআই মো. মোস্তাকিম।
তিনি বলেন, “সকালে বাদামতলী সেতুর নিচে রাস্তা পার হওয়ার সময় সেন্ট্রাল লাইন ট্রান্সপোর্টের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন আলেয়া।
“পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, দুর্ঘটনায় একটি পিকআপ ভ্যানও দায়ী। তাই বাস এবং পিকআপ ভ্যানটি জব্ধ করা হয়েছে।
এসআই মোস্তাকিম বলেন,“আলেয়ার গ্রামের বাড়ি বরিশাল। পুরান ঢাকায় এক আত্মীয়ের বাসায় এসেছিলেন। সকালে মুন্সীগঞ্জে স্বামীর বাড়ি যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।”
আলেয়ার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন এবং তার কোনো সন্তান নেই বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
