শুধু বিনোদন নয়, চলচ্চিত্রে যেন বার্তাও থাকে: প্রধানমন্ত্রী
দেশের চলচ্চিত্রে কেবল বিনোদন নয়, এর সঙ্গে সমাজ সংস্কার, শিক্ষা ও দেশপ্রেমের মত বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “আমাদের প্রত্যেকের ভেতরে যে একটা সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে বের করে নিয়ে এসে একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই কিন্তু চলচ্চিত্র করতে পারে। কাজেই সেই কাজটাই আমাদের করতে হবে বেশি করে।
“এক দিকে শুধু বিনোদন না, বিনোদনের সাথে সাথে আমাদের সমাজ সংস্কার, মানুষকে শিক্ষা দেওয়া বা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া…।”
বুধবার সকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।
চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা যারা শিল্পী, কলাকুশলী যারাই আছেন, তারা… আমাদের স্বাধীনতা অর্জন, আমাদের গণমানুষের যে আত্মত্যাগ এবং আমাদের এগিয়ে চলার পথ, সেই পথটা যেন মানুষের কাছে আরও ভালোভাবে উপস্থাপন হয় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, আর আমাদের ভবিষ্যত প্রজন্ম বা নতুন প্রজন্ম, তারা যেন নিজেদের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেভাবেই আপনারা শিল্পগুলোকে তৈরি করে মানুষের সামনে উপস্থাপন করবেন, সেটাই আমি চাচ্ছি।”
চলচ্চিত্র ‘জীবনেরই চিত্র ও জীবনেরই প্রতিচ্ছবি’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সমাজ সংস্কারে চলচ্চিত্র বিরাট অবদান রাখতে পারে।
“চলচ্চিত্রের মধ্যে দিয়ে মানুষের কাছে অনেক বার্তা পৌঁছে যায়। তা ছাড়া ইতিহাসের বার্তাবাহক হিসেবেও কিন্তু চলচ্চিত্র, সেটা ইতিহাসকে ধরে রাখে। অনেক অজানাকে জানার সুযোগ করে দেয়। অনেক হারিয়ে যাওয়া ঘটনাও সামনে নিয়ে আসে এবং যা জীবনের সাথে মিশে যায়।
“আমাদের ভবিষ্যতকে উজ্জ্বল করার ক্ষেত্রে বা সমাজের অনেক ধরনের অনিয়ম, উচ্ছৃঙ্খলা দূর করতেও কিন্তু এই চলচ্চিত্র বিরাট ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি।”
চলচ্চিত্রের গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “চলচ্চিত্রের মধ্যে দিয়ে দেশ ও জাতির প্রতি মানুষের দায়িত্ববোধ বা মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, দায়বদ্ধতা সেটাও কিন্তু প্রকাশ করতে পারে। কাজেই সেদিক থেকে চলচ্চিত্রের যথেষ্ট অবদান রয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য মোট ২৭ বিভাগে ৩২ জনকে চলচ্চিত্র পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া উদ্যোগের কথা অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের সহায়তার জন্য গঠিত ট্রাস্ট ফান্ডে বিত্তশালীদের বেশি করে টাকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইতোমধ্যে আপনারা শুনেছেন যে, আমি শিল্পী, কলাকুশলী সকলে যাতে সুযোগ পায় তার জন্য ট্রাস্ট ফান্ড তৈরি করে দিয়েছি। আমরা সেখানে সিড মানির ব্যবস্থা করেছি। আমি মনে করি যারা বিত্তবানরা আছেন, শিল্পের সঙ্গেও জড়িত আছেন কেউ কেউ তো পুরস্কারও পেলেন। আমি চাই যারা বিত্তবান, তারা এই ফান্ডে আরও বেশি করে টাকা রাখেন।
“কারণ আমি নিজে দেখেছি আমাদের বহু চিত্র শিল্পীরা বা চলচ্চিত্র শিল্পীরা বা অন্যান্য সংস্কৃতি সেবীরা বা আমাদের খেলাধুলার যারা যখন একটু বয়োবৃদ্ধ হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে সকলের একটা করুণ অবস্থা হয়।”
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে সরকারপ্রধান বলেন, “এখন তথ্য-প্রযুক্তির যুগ। আমাদের এই সিনেমা শিল্পটা অনেকটা এনালগ পদ্ধতিতেই থেকে গিয়েছিল। সেটাকে আমি আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে চাই।
“সেক্ষেত্রে আমি আগেও আমাদের যারা মালিক, তাদের সহযোগিতা করার অফার দিয়েছিলাম। এক সময় কিন্তু মাঝখানে ভাটা পড়ে যাওয়াতে অনেকের সেই উদ্যোমই ছিল না। এখন আমরা ১ হাজার কোটি টাকার একটা আলাদা ফান্ড তৈরি করে রেখেছি। আমি চাই আমাদের একেবারে জেলা উপজেলা সব জায়গায় এই সিনেমা বা সিনেপ্লেক্স নির্মাণ হোক। যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলচ্চিত্র দেখানো যায়।”
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মো. মকবুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
